বেইলি রোড ট্র্যাজেডি

কাচ্চি ভাইয়ের মালিক রিমান্ডে

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় ওই ভবনের কাচ্চি ভাই নামের রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাকে গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় এ নিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হলো।

গতকাল বুধবার সন্ধ্যায় সিআইডির মুখপাত্র আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সোহেল সিরাজকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। সিআইডি কর্মকর্তা আজাদ বলেন, বেইলি রোড়ে অগ্নিকা-ের পর থেকে বিদেশে অবস্থান করছিলেন সোহেল সিরাজ। সকালে দেশে ফিরলে বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের পরই দেশ ছাড়েন বেইলি রোডে কাচ্চি ভাই রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজ।

পুড়ে যাওয়া ওই ভবনের দ্বিতীয়তলায় ছিল বিরিয়ানির দোকান কাচ্চি ভাই। ভবনটির অন্যান্য তলায়ও ছিল অনেক খাবারের দোকান। সাপ্তাহিক ছুটির আগের দিন বৃহস্পতিবার রাতে ভবনটিতে ছড়িয়ে পড়া আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১৮ নারী এবং ৮ শিশু ছিল।

এ ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।