আবগারি দুর্নীতি মামলায় হওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। গতকাল শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের জামিনের আদেশ দেয়। আগামী ১ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করে আদালত বলেছে, জামিনে থাকার সময় তিনি ভারতে চলমান লোকসভা নির্বাচনের প্রচারাভিযানে অংশ নিতে পারবেন। তবে মুখ্যমন্ত্রী হিসেবে কোনো ফাইলপত্রে সই করতে পারবেন না।
দ্য হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ আগামী ২ জুন কেজরিয়ালকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে।
একটি আবগারি দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গত ২১ মার্চ গ্রেপ্তার হন কেজরিওয়াল। তারপর থেকে তিনি কারাগারেই রয়েছেন এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি এবং তার দল আম আদমি পার্টি (এএপি) ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে তৈরি ইনডিয়া জোটের অংশ।
ভারতে গত ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সাত দফায় এই ভোটগ্রহণ চলবে ১ জুন পর্যন্ত। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
অর্থাৎ, চূড়ান্ত দফা ভোটের দিন কেজরিওয়াল কারাগারের বাইরে থাকলেও নতুন করে জামিন না পেলে ভোটের ফলাফলের দিন তাকে বন্দিই থাকতে হবে।
ভোটের ফলাফলের দিন তিনি যেন কারাগারের বাইরে থাকতে পারেন তাই তার আইনজীবী অভিষেক মনু সিংঘভি আদালতের কাছে আগামী ৫ জুন পর্যন্ত তাকে জামিন দেওয়ার আরজি জানিয়েছিলেন। কিন্তু আদালত তাতে না বলে কেজরিওয়ালকে ১ জুন পর্যন্ত জামিন দেয়।