ঢাবিতে মাস্টার্সেও ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য ড. এএসএম মাকসুদ কামাল। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘নবীনবরণ ও অগ্রায়ন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘আমরা বর্তমানে যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি করছি, মাস্টার্সেও সে পরিমাণ শিক্ষার্থী ভবিষ্যতে ভর্তি করার প্রয়োজন আছে কি না, তা ভাবা হচ্ছে। এখন আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ভর্তি পরীক্ষা হয়। সে পরীক্ষার ভিত্তিতেই মাস্টার্সে ভর্তি করানো আইনগতভাবে বৈধ কি না, তাও আমাদের ভাবতে হবে। মাস্টার্সে যারা যাবে তারা সংখ্যায় বেশি হবে না। যারা নিজের বিষয়ের ওপর গবেষণা করবে, ক্যারিয়ার নির্মাণ করবে, তারাই হয়তো মাস্টার্সে পড়াশোনা করবে।’

ঢাবি শিক্ষার্থীদের আগামী বছর থেকে ‘কার্ড পাঞ্চ’ করে হলে ঢুকতে হবে বলে জানিয়ে উপাচার্য বলেন, ‘আমরা বিশ^বিদ্যালয়ে একটি পরিবর্তন আনার চেষ্টা করছি। আগামী বছর থেকে হলে শিক্ষার্থীদের নির্ধারিত কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। ফলে মেয়াদোত্তীর্ণ ও বহিরাগতরা হলে ঢুকত পারবে না।’

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘লাইব্রেরিতেও একই প্রক্রিয়া চালু হচ্ছে। যারা বিসিএস পড়তে যায়, তারা আগামী মাস থেকে লাইব্রেরিতেও ঢুকতে পারবে না। এখন লাইব্রেরিতে সবাই বিসিএস পড়তে যায়। দুয়েকজন হয়তো অ্যাকাডেমিক বই পড়ার জন্য যায়। এর অর্থ, যে বিষয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করে, সে বিষয়ে তারা আনন্দ পায় না। আনন্দ পেলে পাঠ্যসূচিনির্ভর পড়াশোনা তাদের ধ্যানজ্ঞান হওয়ার কথা।’

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সামাজিকবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. রাশেদা ইরশাদ নাসির এবং বিভাগের শিক্ষকরা।