ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের পাঁচটি ও দোনেৎস্কের একটি গ্রাম দখল করেছে রাশিয়া। শনিবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এএফপির সাংবাদিকরা বলেছেন, তারা লোকজনকে ব্যাগবোঝাই ভ্যান ও গাড়িতে করে সীমান্ত এলাকা থেকে পালিয়ে একটি অভ্যর্থনা কেন্দ্রে পালিয়ে আসতে দেখেছেন।
যুদ্ধ এতদিন মূলত ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে সীমাবদ্ধ ছিল, কিন্তু রুশ বাহিনী এবার উত্তর-পূর্বাঞ্চল দিয়ে আক্রমণ শুরু করেছে। শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া হঠাৎ করেই খারকিভ অঞ্চলে আক্রমণ শুরু করেছে। শনিবার ইউক্রেনের সামরিক কমান্ড জানায়, বিমান বাহিনীর সহায়তা নিয়ে রুশ সেনারা এই অঞ্চলে প্রবেশ করেছে। এই খারকিভ থেকেই দুই বছর আগে সরে যেতে বাধ্য হয়েছিল রুশ বাহিনী।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী খারকিভে দখলকৃত গ্রামগুলো হলো- বোরিসিভকা, ওগির্তসেভ, প্লেটেনিভকা, পাইলনা ও স্ট্রিলেচা। আর দোনেৎস্ক অঞ্চলের দখলকৃত গ্রামের নাম কেরামিক।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ভোর ৫টার দিকে রুশ বাহিনীর একটি ট্যাংক বহর আক্রমণ শুরু করে। স্থানীয় সময় রাত ১০টার দিকে ইউক্রেনের জেনারেট স্টাফ জানায়, খারকিভ অঞ্চলে রাশিয়ার অগ্রগতি রুখতে লড়াই অব্যাহত আছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে রয়টার্সকে জানান, রুশ বাহিনী ভোবচানস্কের কাছে ইউক্রেনীয় বাহিনীকে পেছনে ঠেলে দিয়ে সীমান্তের এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। তারা একটি বাফার জোন প্রতিষ্ঠার জন্য ইউক্রেনীয় বাহিনীকে ১০ কিলোমিটার পেছনে ঠেলে দেওয়ার লক্ষ্য নিয়েছে, কিন্তু কিয়েভের সেনারা আক্রমণকারীদের রুখে দেওয়ার চেষ্টা করছে। এদিকে শনিবার রাতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমাদের সেনারা খারকিভ অঞ্চলের সীমান্ত এলাকার গ্রামগুলোতে পাল্টা আক্রমণ চালাচ্ছে। রাশিয়ার পরিকল্পনা ব্যাহত করাটাই এখন আমাদের প্রধান লক্ষ্য।