ডায়াবেটিস এবং কোলেস্টেরলের সমস্যায় অনেকেই ভোগেন। এই সমস্যা থেকে মুক্ত থাকতে পেয়ারা খেতে পারেন। আমাদের দেশে এখন প্রায় সারা বছরই পেয়ারা পাওয়া যায়। পেয়ারা খেলে রক্তে গ্লুকোজ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে।
পেয়ারায় রয়েছে ক্যালশিয়াম, ফসফরাস ছাড়াও প্রচুর পরিমাণ ভিটামিন সি। সঙ্গে রয়েছে পুরো মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট। ফলে প্রতিরোধশক্তি বাড়াতে কাজে দিতে পারে পেয়ারা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পেয়ারা। কারণ পেয়ারায় প্রচুর ফাইবার আছে। তাই রোজ এই ফল খেতেই পারেন।
রক্তচাপও নিয়ন্ত্রণে সাহায্য করে পেয়ারা। কোলেস্টেরলও কমায় এই ফল। পেয়ারায় থাকা পটাশিয়াম পরোক্ষভাবে হৃদ্যন্ত্রও ভালো রাখে। পেটের গোলমাল হলে জীবাণুর সঙ্গে লড়তে সাহায্য করে পেয়ারা। পেয়ারায় লাইকোপিন নামক ফাইটোনিউট্রিয়ান্টস থাকে, যা ক্যানসারের আশঙ্কা কমাতে সাহায্য করে। ক্যানসারের ওষুধ তৈরিতে পেয়ারা পাতারও ব্যবহার করা হয়। এ ছাড়াও পেয়ারায় থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে।
এ ছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে পারে পেয়ারা। পেয়ারায় থাকা ফাইবার পেট পরিষ্কার করতে সাহায্য করে। তাই রোগবালাই থেকে বাঁচতে ডায়েটে রাখুন পেয়ারা।