মাউন্ট এভারেস্টে একই দিনে দুই বিশ্ব রেকর্ড

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট দুই বিশ্ব রেকর্ডের সাক্ষী হয়েছে। গত রবিবার নেপালি শেরপা কামি রিতা ও ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল একজন বিদেশি হিসেবে সর্বোচ্চ বেশি সংখ্যকবার এভারেস্টের চূড়ায় ওঠার রেকর্ড গড়েছেন। কামি রিতা শেরপা ২৯ বার এভারেস্টের চূড়ায় পৌঁছার রেকর্ড গড়েছেন। আর কেন্টন কুল গড়েছেন ১৮ বার চূড়ায় ওঠার রেকর্ড।

বিবিসি জানায়, নেপালি শেরপা কামি রিতা নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন। গত রবিবার স্থানীয় সময় সাড়ে ৭টার কিছু পরে এভারেস্টের চূড়ার ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতা (২৯ হাজার ফুট) ছুঁয়ে নতুন রেকর্ড গড়েন তিনি।

গাইড হিসেবে দুই দশকের বেশি সময় ধরে পর্বতারোহীদের পথ দেখিয়ে আসছেন কামি রিতা। ১৯৯৪ সালে তিনি প্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। তারপর থেকে তিনি প্রায় প্রতি বছরই এভারেস্টে চূড়ায় আরোহণ করে আসছেন।

স্থানীয় কর্র্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের পর্বতারোহী কেন্টন কুলও রবিবার এভারেস্টে চূড়ায় ওঠেন। ব্রিটিশ নাগরিক কেন্টও পর্বতারোহীদের একজন গাইড।