বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

নিজ বাড়িতে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ ওঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ মে) দুপুর ২টার দিকে বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের শহরদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, অজ্ঞাত কারণে আলী আহসানকে (৪০) তার বন্ধু সবুজ সওদাগর ডেকে নিয়ে (৩৫) ছুরিকাঘাত করে। পরে আলী আহসানকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত আলী আহসান বগুড়া সদরের মালগ্রাম এলাকার মো. জিন্নাহ'র ছেলে। নিহত ব্যক্তি পেশায় ট্রাকের হেল্পার ও ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক মোমিনুর ইসলাম রকি হত্যা মামলার আসামি। এ ঘটনায় অভিযুক্ত সবুর সওদাগর সদরের শহরদিঘী গ্রামের দীলিপের ছেলে। সবুজ বগুড়া জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। তার নামেও একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত আলী আহসান ও সবুজ সওদাগর দুজন বন্ধু ও মাদকাসক্ত। তারা মাঝে মাঝে নেশাগ্রস্ত অবস্থায় শহরদিঘী গ্রামে এসে একসাথে রাত কাটাতো। মঙ্গলবার দুপুর ২টার দিকে মোটরসাইকেলে করে  সবুজ সওদাগরের সাথে শহরদিঘীতে তাদের বাড়িতে আসে আলী আহসান। এ সময় অজ্ঞাত কারণে সবুজ সওদাগর আলী আহসানের বুকে ছুরিকাঘাত করে। 

এ সময় স্থানীয়রা আলী আহসানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে আলী আহসান মারা যান।

বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, নিহত আলী আহসানের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।