রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের প্রতি সংহতি জানাতে দেশটির রাজধানী কিয়েভ গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গতকাল মঙ্গলবার ভোরে একটি ট্রেনযোগে কিয়েভ পৌঁছান ব্লিঙ্কেন। এর আগ পর্যন্ত তার এই সফরের কথা গোপন রাখা হয়েছিল।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে সম্প্রতি ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাস করেছে মার্কিন কংগ্রেস। এরপর থেকে ব্লিঙ্কেন কিয়েভ সফরে যাওয়া সবচেয়ে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা। ব্লিঙ্কেনের সঙ্গে সফররত সাংবাদিকদের নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, রাশিয়ার বোমাবর্ষণের মধ্যে ইউক্রেনীয়রা স্পষ্টতই অনেক কঠিন সময়ের মধ্যে আছে, তাদের আশ্বাসের জোরালো বার্তা দেওয়ার আশা করছেন ব্লিঙ্কেন।
ওই কর্মকর্তা জানান, ২৪ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেন অনুমোদন করার পর ওই সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইতিমধ্যেই কামান, এটিএসিএমএস নামে পরিচিত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনীয় বাহিনীগুলোর কাছে পৌঁছানো শুরু করেছে।