লু’র আসা নিয়ে আমাদের বক্তব্য নেই : ফখরুল

ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমি আগেও বলেছি, এখনো বলি, বাংলাদেশে জনগণ কারও ওপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না।’

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গণঅধিকার পরিষদের (নূর) একাংশের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে ভয়াবহ পর্যায়ে খাদের কিনারায় গেছে, পড়ে যাবে হয়তো।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ সবসময় নিজের শক্তিতে নিজের পায়ের ওপর ভর করে ’৭০ সালের আগেও আন্দোলন করেছে, ’৭০-এ আন্দোলন করেছে, ’৭১-এ মুক্তিযুদ্ধ করেছে। পরবর্তী সময়েও আমরা যে আন্দোলন করছি তা সম্পূর্ণ জনগণের শক্তির ওপর নির্ভর করে আন্দোলন করছি। সুতরাং এ বিষয়ে আমরা বেশি কিছু বলতে চাই না।’

তিনি আরও বলেন, ‘জনগণের আকাক্সক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমরা ৩১ দফা দাবি তুলে ধরে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে এক দফা আন্দোলনের কথা বলেছিলাম। যাতে মূল কথাটাই ছিল, একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন করতে ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করা। সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারায় আন্দোলন করছি। আজ তারই ধারাবাহিকতায় গণঅধিকার পরিষদের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছি। চলমান আন্দোলনের জন্য কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় এবং কীভাবে লক্ষ্যে পৌঁছানো যায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার বিশ্লেষণ ও কর্মসূচি নির্ধারণের জন্য আমরা প্রাথমিক কিছু আলোচনা করেছি।’

বৈঠকে অন্যদের মধ্য গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় নেতা আবু হানিফ, শাকিল উজ্জামান, নূরে এরশাদ সিদ্দিকী প্রমুখ অংশ নেন। বিএনপির পক্ষে মির্জা ফখরুল ছাড়াও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছিলেন।

ইতিমধ্যে বিএনপি ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টির সঙ্গে বৈঠকে করেছে। আজ বুধবার গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।