কনডেম সেল নিয়ে রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

মৃত্যুদন্ড চূড়ান্ত হওয়ার আগেই কাউকে কারাগারের কনডেম সেলে রাখা যাবে না হাইকোর্টের এমন রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আবেদনটি করা হয়।

আজ বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন।

দুই বছরের বেশি সময় আগে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে গত সোমবার বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বে গঠিত  হাইকোর্ট বেঞ্চ কনডেম সংক্রান্ত এক রায় দেয়।

এতে বলা হয়, কনডেম সেলে কোনো আসামিকে রাখা দুইবার সাজার শামিল। আদালত কারা কর্তৃপক্ষকে দুই বছরের সময় দিয়ে বলেছে, এই সময়ের মধ্যে পর্যায়ক্রমে আসামিদের ফাঁসির সেল থেকে সাধারণ সেলে রাখতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে দন্ডিত কোনো আসামি যদি কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন এবং তাকে অন্যদের সঙ্গে রাখা ঝুঁকিপূর্ণ হয় তাহলে সেই ব্যক্তিকে কনডেম সেলে রাখা যাবে তার বক্তব্য শুনে।

রায়ে আদালত আরও বলেছে, ‘কোনো আসামির মৃত্যুদন্ড আপিল বিভাগ এবং রিভিউয়ের (রায় পুনর্বিবেচনা) পরও বহাল থাকলে এবং রাষ্ট্রপতির ক্ষমার আবেদন নাকচ হয়ে গেলেই কেবল মৃত্যুদন্ডাদেশ চূড়ান্ত বলে ধরে নিতে হবে এবং তখন থেকে দন্ডিত ব্যক্তিকে ওই বিশেষ সেলে রাখা যাবে।’

বিভিন্ন কারাগারের কনডেম সেলে থাকা তিন ব্যক্তির পক্ষে করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে ২০২২ সালের ৫ এপ্রিল হাইকোর্ট মৃত্যুদ-াদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কারাগারের কনডেম সেলে রাখার বৈধতা নিয়ে রুল দেয়। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় হয়।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গতকাল তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘পূর্ণাঙ্গ রায় পেলে যেহেতু আমরা আপিল ফাইল করব তাই এটা (রায়) স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। না হলে রায় নিয়ে সংশয় দেখা দিতে পারে।’ রায়ের সব নির্দেশনা ও পরামর্শ স্থগিতের আবেদন করা হয়েছে বলে জানান তিনি।