ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছে। এটি গত ১১ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। এর আগে ৩ মে সমসংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল।
এই তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে গতকাল ডেঙ্গুতে বছরের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো। এ মাসে গত ১৫ দিনে আটজন মারা গেছে। এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু হয়েছে জানুয়ারিতে ১৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই নারী এবং তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে একজন ছয় থেকে ১০ বছর বয়সী শিশু, একজন ৩৬-৪০ বছর বয়সী ও অন্যজন ৭৬-৮০ বছর বয়সী।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ১১ জন। পাঁচজন বরিশাল বিভাগে, তিনজন চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা ও খুলনা বিভাগে একজন করে ভর্তি হয়েছে। নতুন রোগীদের মধ্যে ১১ জন নারী ও ১০ জন পুরুষ।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৪৫। তাদের মধ্যে এ মাসে আক্রান্ত হয়েছে ৩৩৬ জন। মোট রোগীর মধ্যে ৬০ শতাংশ বা ১ হাজার ৫৩৭ জন পুরুষ ও ৪০ শতাংশ বা ১ হাজার আটজন নারী।