চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু ২৬ মে। চলবে ১১ জুন। আর ভর্তির কাজ শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু ৩০ জুলাই। গতকাল বৃহস্পতিবার একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আগের মতো এবারও একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, অনলাইনে আবেদন গ্রহণ শুরু ২৬ মে। আর শেষ ১১ জুন। আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি ১২ থেকে ১৩ জনু। শুধু পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ১২ ও ১৩ জুন। পছন্দক্রম পরিবর্তনের সময় ১২-১৩ জুন। ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, ঈদের ছুটির পর প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে ২৩ জুন। শিক্ষার্থীরা ফল প্রকাশের পর থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চায়ন করতে পারবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু ৩০ জুন এবং শেষ ২ জুলাই। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ জুলাই রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ৪ জুলাই রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ৫ থেকে ৮ জুলাই রাত ৮টা পর্যন্ত। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ৯ জুলাই শুরু হয়ে শেষ ১০ জুলাই।
চিঠিতে উল্লেখ করা হয়, পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ ১২ জুলাই রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ১৩ থেকে ১৪ জুলাই। ভর্তি শুরু ১৫ জুলাই এবং শেষ ২৫ জুলাই। আর ক্লাস শুরু হবে ৩০ জুলাই।
গত ১২ মে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থী, পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। তাদের মধ্যে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন জিপিএ ৫ পেয়েছে। আর শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, সারা দেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ২৫ লাখ। অর্থাৎ, এসএসসি পাস সবাই কলেজে ভর্তি হলেও আট লাখের বেশি আসন খালি থেকে যাবে।
সেশন ও ভর্তি ফি কোন এলাকায় কত : সরকারের জারি করা ভর্তি নীতিমালায় ভর্তিতে সেশন চার্জ ও ভর্তি ফি কত টাকা নেওয়া যাবে, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। ঢাকা মহানগর এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে (বাংলা ও ইংরেজি ভার্সন) পাঁচ হাজার, ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে তিন হাজার, জেলাপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই হাজার এবং উপজেলা বা মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান দেড় হাজার টাকা করে নেওয়া যাবে।
অন্যদিকে ঢাকা মহানগর এলাকায় এমপিওভুক্ত নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ ও ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা; ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকার বাংলা ভার্সনের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলাপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ভার্সনে ৩ হাজার ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা এবং উপজেলা বা মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা করে নেওয়া যাবে।
এ ছাড়া শিক্ষা বোর্ড শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থীপ্রতি বিভিন্ন খাতে (যেমন : রেজিস্ট্রেশন ফি, ক্রীড়া ফি) ৩৩৫ টাকা নিতে পারবে।
ভর্তির যোগ্যতা: পূর্ববর্তী তিন বছরে দেশের যেকোনো শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বছরে উত্তীর্ণ শিক্ষার্থীরাও বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। বিদেশি কোনো বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের মাধ্যমে তার সনদের মান নির্ধারণের পর ভর্তির জন্য আবেদন করতে পারবে।
একাদশে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচিত হবে। শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ কোটা এবং আসনের ৫ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। এসব আসনে শিক্ষার্থী না থাকলে সেখানে মেধা কোটার মাধ্যমে ভর্তি করা হবে।