তিন মাস আগে বিয়ে করেন আসাদুজ্জামান সানি (২৫) ও তাসফিয়া সুলতানা (২০)। তারা দুজনই চাকরি করেন চট্টগ্রাম শহরের একটি গার্মেন্টসে। গত শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা এলাকায় বেড়াতে বের হন। পতেঙ্গা বাটারফ্লাই পার্কের পাশে ফুটপাত ধরে হাঁটছিলেন সানি, তাসফিয়া, তার বড় বোন নুসরাত জাহান ও বোনের ছেলে সাকিব। হঠাৎ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিলে প্রাণ হারায় সানি-তাসফিয়া দম্পতি। আর লরির নিচে থেকে শিশু সাকিবের লাশ উদ্ধার করা হয়।
এদিকে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ৫ জন নিহত হয়েছেন। এরমধ্যে গতকাল শনিবার সকালে সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ শ্রমিক। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। এর প্রতিবাদে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে গত শুক্রবার রাতে বগুড়ার শিবগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়।
পতেঙ্গায় প্রাণ হারালেন শিশুসহ ৩ জন: গত শুক্রবার রাত ৯টার দিকে পতেঙ্গা বাটারফ্লাই পার্কের পাশে ফুটপাত ধরে হাঁটছিলেন সানি, তাসফিয়া, তার বড় বোন নুসরাত জাহান ও বোনের ছেলে সাকিব। একই পথে হাঁটছিলেন আরও লোকজন। হঠাৎ একটি নিয়ন্ত্রণ হারানো লরি তাদের ধাক্কা দিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এ সময় শিশু সাকিব লরি নিচে চাপা পড়ে যায়। স্থানীয় লোকজন সেখান থেকে আহত অবস্থায় আসাদুজ্জামান সানি, তাসফিয়া সুলতানা, নুসরাত জাহান, মো. ইমরান ও নুরুল আমিন নামে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত ডাক্তাররা আসাদুজ্জামান সানিকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে লরির নিচে থেকে শিশু সাকিবের লাশ উদ্ধার করা হয়। এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান তাসফিয়া সুলতানা।
পুলিশ জানায়, নিহত দম্পতি সানি ও তাসফিয়ার বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জে। দুজনই চাকরি করতেন গার্মেন্টসে। থাকতেন পতেঙ্গা নাজিরপাড়া এলাকার ভাড়া বাসায়। একই এলাকায় থাকেন তাসফিয়ার বড় বোন নুসরাতও। শুক্রবার দুই পরিবারের সদস্যরা একসঙ্গে বেড়াতে বের হয়ে এই দুর্ঘটনায় পড়েন।
এ ঘটনায় নিহত শিশু সাকিবের পিতা মো. আলমগীর বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম ভূঁইয়া দেশ রূপান্তরকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে। ঘটনার পর থেকে শিশু সাকিবের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক তল্লাশির পর রাত ১২টার দিকে লরির নিচে চাপা পড়া অবস্থায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তিনি জানান, এ ঘটনায় লরি আটক ও চালককে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত : বগুড়ার শিবগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় তোতা মিয়া (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌমাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোতা মিয়ার (৫০) বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার নাংলু দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম আকন্দপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে মোকামতলা বাজারের সোনাতলা রাস্তা থেকে বগুড়া-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে পার হচ্ছিলেন তোতা মিয়া। এ সময় রংপুরগামী একটি সাদা রঙের মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খোকন বলেন, নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। ঘটনার পর মাইক্রোবাস ঘটনাস্থল ত্যাগ করায় চালককে আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত : সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন শ্রমিক। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫)।
আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরি হিসেবে ২৫ থেকে ৩০ মণ ধান পান। তারা ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সাইদুল গাজী ও মনিরুল ইসলাম নিহত হয়।
স্থানীয় দোকানি আবুল কালাম আজাদ জানান, খুলনা-পাইকগাছা সড়কের দুই ধারে সম্প্রসারণের জন্য খুঁড়ে রাখার কারণে মূলত এই দুর্ঘটনা ঘটেছে।
তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে এবং ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
ভূঞাপুরে কলেজছাত্র নিহত : টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছে। তার নাম মেহেদী হাসান মিশু (১৭)। গত শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার কষ্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেহেদী হাসান উপজেলার কয়েড়া গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম মোল্লার ছেলে। সে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসান শুক্রবার মধ্যরাতে মোটরসাইকেলযোগে ভূঞাপুর থেকে গ্রামের বাড়ি কয়েড়া ফিরছিল। পথিমধ্যে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের কষ্টাপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সেখানে কর্মরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আড়াইহাজারে ট্রাকচাপায় ইলেকট্রিশিয়ান নিহত : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। তার নাম ফারুক (৩০)। গতকাল শনিবার সকাল ১০টার দিকে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রতিবাদে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক তার বাড়ি থেকে রাস্তার পাশে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে একটি গাছের সঙ্গে চাপা দিলে গাড়ি ও গাছের মাঝখানে পড়ে ফারুকের মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে তার লাশ উদ্ধার করে।