কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কাঁকড়া ধরতে যাওয়া দুই বাংলাদেশি চাকমা যুবককে অপহরণ করেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) সদস্যরা। এমন অভিযোগ করেছে ভুক্তভোগীদের পরিবার।
অপহৃতরা হলেন টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ড লম্বাঘোনা মৃত ওচামং চাকমার ছেলে ছৈলা মং চাকমা, (২৯) ও মংথাইংছিং তঞ্চঙ্গ্যা চাকমার ছেলে ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা (২৫)।
গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টেকনাফের হোয়াইক্যং নাফ নদী ৫ নম্বর সøুইসগেট এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
গতকাল শনিবার বিষয়টি জানিয়ে টেকনাফ থানা ও ২ বিজিবি বরাবরে লিখিত অভিযোগ করেছেন অপহৃত ক্যমংখো তঞ্চঙ্গ্যার মা ছুছিং ছা তঞ্চঙ্গ্যা।
অভিযোগে তিনি বলেন, আমার ছেলে ও নাতি নাফ নদীতে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাঁকড়া ধরার জন্য নাফ নদীতে যায়। সন্ধ্যায় বাড়িতে না এলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারি নাফ নদী থেকে আরসা সংগঠনের সদস্যরা ছেলে ও নাতিকে অপহরণ করে নিয়ে গেছে। এখনো তিন দিন ধরে তারা আরসার সদস্যদের কাছে জিম্মি রয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন ও টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অপহৃত ছৈলা মং চাকমার বড় ভাই সালাও মং চাকমা বলেন, কাঁকড়া আহরণ করতে গেলে হোয়াইক্যংয়ের ৫ নম্বর সøুইসগেট পয়েন্ট থেকে তাদের তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী। পরে জানতে পারি তারা আরসার সন্ত্রাসী। এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি বা কেউ যোগাযোগ করেনি।
এ ব্যাপারে টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, দুজন চাকমা যুবক বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর রাখছি। তাদের কারা তুলে নিয়ে গেছে, সে বিষয়টি যাচাই করা হচ্ছে।