নতুন করে বিচারের মুখোমুখি নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইরানের নারী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদি নতুন করে বিচারের মুখোমুখি হচ্ছেন। এই বিচার কার্যক্রম গতকাল রবিবার শুরু হওয়ার কথা ছিল। ইরানের কারাগারগুলোয় নারী বন্দিদের ওপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা যৌন নিপীড়ন চালান এমন অভিযোগ তুলেছিলেন তিনি। এজন্য কারাবন্দি নার্গিস নতুন করে বিচারের মুখোমুখি হচ্ছেন বলে গত শনিবার জানিয়েছে তার পরিবার। খবর এএফপি।

এর আগে গত এপ্রিলে কারাগার থেকে একটি অডিও টেপ পাঠান নার্গিস। ওই টেপ তার সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে নার্গিস ইরানে নারীদের ওপর ‘পূর্ণমাত্রার যুদ্ধ পরিচালনার’ সমালোচনা করেন। বর্তমানে তিনি তেহরানের আলোচিত এভিন কারাগারে রয়েছেন।

সর্বশেষ এই মামলায় ‘শাসনকাঠামোর বিরুদ্ধে অপপ্রচার’ চালানোর অভিযোগ আনা হয়েছে নার্গিসের বিরুদ্ধে। তবে ইরানের বিচারিক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নার্গিসকে উদ্ধৃত করে তার পরিবার বলছে, বিচারকাজ প্রকাশ্যে হওয়া উচিত। এর ফলে সাক্ষী ও ভুক্তভোগীরা সবার সামনে নারীদের ওপর রাষ্ট্রকাঠামোর চালানো যৌন নিপীড়নের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবেন।

ইসলামিক পোশাক বিধি মেনে না চলার কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোয় নারীদের ওপর দমন জোরদার করেছে ইরানি কর্তৃপক্ষ। বিশেষত ভিডিও নজরদারি বাড়ানো হয়েছে।

৫১ বছর বয়সী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই করায় তিনি সম্মানজনক এ পুরস্কার পান। কারাবন্দি থাকায় নার্গিস নিজে উপস্থিত হয়ে নোবেল পুরস্কার গ্রহণ করতে পারেননি। নরওয়ের রাজধানী অসলোর সিটি হলে নার্গিসের সন্তান তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন। ২০২১ সালের নভেম্বর থেকে নার্গিস কারাগারে আছেন। প্যারিসে বসবাস করা স্বামী-সন্তানদের সঙ্গে বহু বছর দেখা করার সুযোগ পাননি তিনি।