বান্দরবানে গুলিতে কেএনএফের ৩ সদস্য নিহত

বান্দরবানের রোয়াংছড়িতে তিন ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে রোয়াংছড়ির দুর্গম রৌনিনপাড়া এলাকা থেকে তিনটি বন্দুক, গুলিসহ গুলিবিদ্ধ ওই তিন যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত তিনজনই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে গোলাগুলিতে নিহত হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রৌনিনপাড়া ও সিপ্পি পাহাড়ের মাঝামাঝি এলাকায় গতকাল সকালে কেএনএফের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান দলের গোলাগুলি হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, গোলাগুলি শেষে দুপুরের দিকে রোয়াংছড়ি থানা থেকে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলের দিকে যায়। সেখানে গুলিবিদ্ধ তিন যুবকের লাশ পাওয়া যায়। তাদের পরনে ছিল কেএনএফের পোশাক। কারও পরিচয় পাওয়া যায়নি। লাশের সঙ্গে তিনটি একনলা বন্দুক, বেশ কিছু গুলি ও কেএনএফের পোশাক পাওয়া গেছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, পুলিশ সদস্যরা গোলাগুলির ঘটনাস্থল থেকে তিনজনের লাশ, লাশের সঙ্গে অস্ত্র ও গুলি উদ্ধার করেছেন। লাশগুলো এখনো রোয়াংছড়ি থানায় এসে পৌঁছায়নি। রোয়াংছড়িতে পৌঁছালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে।

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে কেএনএফ ব্যাংক ডাকাতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র লুট করে। ঘটনার পর থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী কেএনএফ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছে।