রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লি. (বিজিএফসিএল) এর দীর্ঘদিন বন্ধ থাকা একটি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত তিতাস-১৪ নম্বর কূপের ওয়ার্কওভার শেষে আজ মঙ্গলবার থেকে দৈনিক ১২-১৩ মিলিয়ন ঘনফুট হারে পরীক্ষামূলক গ্যাস উৎপাদন শুরু হয়েছে।
প্রথম পর্যায়ে কূপ ক্লিনিং এবং পরবর্তীতে গ্যাস প্রসেস করে জাতীয় গ্রিডে এই গ্যাস সরবরাহ করা হবে। গত মার্চ হতে বাপেক্সের রিগ বিজয়-১১ এর মাধ্যমে বাপেক্স ওয়ার্ক ওভার কার্যক্রম শুরু করে।
নভেম্বর ২০২১ হতে এই কূপের গ্যাস উৎপাদন বন্ধ ছিল। বাপেক্সের তরুণ মেধাবী অভিজ্ঞ খননবিদদের পরিশ্রমে এ কূপ হতে গ্যাস উৎপাদন নিশ্চিত হয়েছে যা দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় ভূমিকা রাখবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বর্তমানে বাপেক্সের ৪টি কূপ খনন রিগ একসাথে কৈলাশটিলা-৮, বেগমগঞ্জ -৪, রশিদপুর-৫, তিতাস-১৪ এ কূপ খনন ও ওয়ার্কওভারের কাজে নিয়োজিত আছে যা বাপেক্সের ইতিহাসে এটি প্রথম।