লিউকেমিয়ায় আক্রান্ত সিরিয়ার ফার্স্ট লেডি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী ফার্স্ট লেডি আসমা আল-আসাদ রক্তের ক্যানসার লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছেন। স্তন ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠার প্রায় পাঁচ বছর পর লিউকেমিয়ায় আক্রান্ত হলেন তিনি। মঙ্গলবার (২১ মে) দেশটির প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ৪৮ বছর বয়সী আসমা আল-আসাদ বিশেষ চিকিৎসা প্রোটোকলের মধ্য দিয়ে যাবেন। তাকে আইসোলেশনে থাকতে হবে। তিনি সরকারি কিংবা জনসংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না।

২০১৯ সালের আগস্টে একেবারে প্রাথমিক পর্যায়ে থাকাকালীন স্তন ক্যানসার ধরা পড়ে ফার্স্ট লেডির। পরবর্তীতে তিনি স্তন ক্যানসার থেকে পুরোপুরি সেরে উঠেন।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এরপর ব্রিটিশ-বংশোদ্ভূত সাবেক ব্যাংকার আসমা আল-আসাদ বিভিন্ন ধরনের দাতব্য কাজকর্মে জড়িয়ে পড়েন। সিরিয়ার অন্যতম বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা সিরিয়া ট্রাস্ট ফর ডেভেলপমেন্ট পরিচালনা করেন তিনি। তার এই প্রতিষ্ঠানের ছায়ায় দেশটিতে অনেক দাতব্য ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে অন্যান্য সংস্থা।