জঙ্গী সংগঠন আইএস (ইসলামিক স্টেট) সংশ্লিষ্ট একদল নারী ও শিশু দীর্ঘদিন সিরিয়ায় থাকার পর এবার অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার (২৬ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, সাতজন নারী ও ১২ জন শিশু যারা আইএস যোদ্ধাদের সঙ্গে যুক্ত ছিল তারা সিরিয়ার রোজ ক্যাম্প থেকে গত সপ্তাহে রওনা দিয়েছে এবং এখন অস্ট্রেলিয়ার পথে রয়েছে।
মন্ত্রী বলেন, এই নারীরা সবাই অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তাদের কোনো সরকারি সহায়তা দেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যাবে, তাদের আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, 'এরা এমন মানুষ যারা একটি ভয়াবহ সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাদের সন্তানদের ভয়াবহ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে।'
প্রতিবেদন অনুযায়ী, দলটির কিছু সদস্য মেলবোর্নে এবং বাকিরা সিডনিতে পৌঁছাবে। এর আগে চলতি মাসেই আরও ১৩ জন আইএস-সংশ্লিষ্ট অস্ট্রেলীয় নাগরিক সিরিয়া থেকে দেশে ফিরে আসে। তাদের মধ্যে দুজন নারীকে মেলবোর্নে নামার পরই গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযোগ, তারা ২০১৪ সালে সিরিয়ায় গিয়ে আইএসকে সমর্থন দেওয়ার পাশাপাশি একজন নারীকে দাস হিসেবে রাখার সঙ্গেও জড়িত ছিল। ওই দুই নারী ২০১৯ সাল থেকে কুর্দি বাহিনীর হাতে আটক ছিল। অন্য একজন নারী সিডনিতে নামার পর গ্রেপ্তার হন এবং নিষিদ্ধ এলাকায় প্রবেশ ও সন্ত্রাসী সংগঠনে যোগদানের অভিযোগ আনা হয়। ২০১০-এর দশকে আইএসের উত্থানের সময় পশ্চিমা দেশগুলোর বহু নারী মধ্যপ্রাচ্যে গিয়ে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছিল, অনেকেই স্বামীর অনুসরণে সেখানে গিয়েছিল।
