সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশের কামিশলি শহরে অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর দুটি অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে বুধবার (২১ জানুয়ারি) শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রথম হামলাটি এসডিএফ এর ‘অপারেশনস ফোর্সেস’ ব্যবহৃত স্থাপনায় এবং দ্বিতীয় হামলাটি আফরিন গোলচত্বরের কাছে এসডিএফ-সংযুক্ত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আসায়িশের অবস্থানে লক্ষ্য করা হয়। অপারেশনস ফোর্সেসের ওই স্থানটি আগে থেকেই খালি করা হয়েছিল, তাই ক্ষয়ক্ষতি সীমিত বলে মনে করা হচ্ছে।
একজন নিরাপত্তা কর্মকর্তা হামলাকারী ড্রোনটি তুরস্কের হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন। স্থানীয়রা জানান, দশ মিনিটেরও কম ব্যবধানে শহরে দুটি শক্তিশালী বিস্ফোরণ শোনা যায়, একই সময়ে ড্রোন উড়তে দেখা গেছে। হামলার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
এর আগে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ-এর সঙ্গে চার দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। একই সময়ে হাসাকায় প্রশাসনিক ও সামরিক সমন্বয়ের জন্য প্রাথমিক কাঠামোও প্রকাশ করা হয়। প্রস্তাব অনুযায়ী, এসডিএফ চার দিনের মধ্যে বাস্তবায়ন পরিকল্পনা জমা দেবে, হাসাকা ও কামিশলির কেন্দ্রীয় এলাকায় সিরীয় সেনা মোতায়েন থাকবে না এবং কুর্দি গ্রামগুলোর নিরাপত্তা স্থানীয় বাহিনীর দায়িত্বে রাখা হবে।
