জানাজার খাটিয়া বহন প্রসঙ্গে
কেএম আল মামুন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
প্রশ্ন : মৃত ব্যক্তির লাশ ঘর থেকে জানাজার জন্য নিয়ে যাওয়ার সময় খাটিয়া বহনকারী ব্যক্তিরা সামনের পায়ের আঙুলের সঙ্গে পেছনের পায়ের গোড়ালি লাগিয়ে ৪০ কদম হাঁটে। এটা কি সুন্নতসম্মত? নাকি স্থানীয় কুসংস্কার?
উত্তর : জানাজার খাটিয়া বহনকারী ব্যক্তিদের সামনের পায়ের আঙুলের সঙ্গে পেছনের পায়ের গোড়ালি লাগিয়ে ৪০ কদম হাঁটা সুন্নতসম্মত নয়, বরং এটা স্থানীয় কুসংস্কার। জানাজার খাটিয়া পার্শ্ব বদল করে পর্যায়ক্রমে চারদিক ধরে বহন করা সম্পর্কে হাদিসের বর্ণনা পাওয়া যায়। কিন্তু সামনের পায়ের আঙুলের সঙ্গে পেছনের পায়ের গোড়ালি লাগিয়ে ৪০ কদম হাঁটা সম্পর্কে হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা ১১৩৯৭)
মৃত ব্যক্তির খাটিয়া বহন করার সুন্নতসম্মত পদ্ধতি হলো, চার ব্যক্তি খাটিয়ার চারটি হাতল ধরে ওঠাবে। সম্ভব হলে প্রত্যেকে পর্যায়ক্রমে সবগুলো হাতল কাঁধে নেবে। এর পদ্ধতি হলো, প্রথমে একজন খাটিয়ার সামনের ডান হাতল ডান কাঁধে নেবে। এরপর পেছনের ডান হাতল ডান কাঁধে, তারপর সামনের বাম হাতল বাম কাঁধে, সর্বশেষ পেছনের বাম হাতল বাম কাঁধে নেবে। (রদ্দুল মুহতার ২/২৩১)
ছানা না পড়লে সাহু সিজদা
শামছুল ইসলাম, বগুড়া
প্রশ্ন : কখনো কখনো নামাজ শুরু করার পর ছানা পড়তে ভুলে যাই। আমাদের এলাকার একজনকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এমন অবস্থায় সাহু সিজদা করা ওয়াজিব। আমার জানার বিষয় হলো, তার এ কথাটি কি সঠিক?
উত্তর : প্রশ্নে উল্লিখিত ক্ষেত্রে তার কথাটি সঠিক নয়। নামাজে ছানা পড়তে ভুলে গেলে সাহু সিজদা ওয়াজিব হয় না। কারণ নামাজে ছানা পড়া সুন্নত। আর সুন্নত ছুটে গেলে সাহু সিজদা ওয়াজিব হয় না। তবে সুন্নত যেন না ছুটে সেদিকে খেয়াল রাখতে হবে। (হিন্দিয়া ১/১২৬)