দুই শিশুর খেলার বিরোধে প্রাণ গেল আরেক শিশুর

দুই শিশুর মধ্যে খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মায়ের কোলে থাকা কবির হোসেন নামে ২০ দিন বয়সী এক শিশু নিহত হয়েছে। রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ের কাঁচাবাজারের পাশে ৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার তিনজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শিশু কবির হোসেনকে নিয়ে তার পরিবার নবোদয় কাঁচাবাজারের পাশে একটি টিনশেড ঘরে ভাড়া থাকতেন। কবিরের বাবা আবদুস সাত্তার পেশায় রিকশাচালক ও মা মিতু বেগম গৃহিণী।

আদাবর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে সাত্তারের বড় ছেলে পাঁচ বছর বয়সী অলি হাসান নবোদয় বাজারের মাঠে প্রতিবেশী রুবেল নামের একজনের ভাগ্নের সঙ্গে খেলছিল। একপর্যায়ে দুই শিশুর মধ্যে মারামারি হলে খবর পেয়ে কবিরের মা-বাবা ও মারামারিতে অংশ নেওয়া শিশুটির বাবা জাহাঙ্গীর হোসেন, মা ঝুমা আক্তার, ঝুমার মা মোমেনা বেগম ও ঝুমার মামা রুবেল সেখানে ছুটে আসেন। একপর্যায়ে তারা অলি হাসানের মা-বাবার ওপর হামলা চালালে মিতুর কোলে থাকা শিশু কবির হোসেনের নাকে ঘুসি লাগে।

ওসি আরও বলেন, শিশু অলি তার মা-বাবা ও শিশু কবির স্থানীয় এক চিকিৎসককে দেখান। তবে চিকিৎসক কবিরের মা-বাবাসহ সবাইকে চিকিৎসা দিলেও শিশুটির কিছুই হয়নি বলে জানান। পরে শিশু কবিরকে নিয়ে তার মা-বাবা বাসায় ফিরে যান। এর মধ্যে বুধবার ভোররাতে শিশু কবিরের নাক দিয়ে রক্ত বের হতে থাকলে একপর্যায়ে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুটির বাবা নয়জনকে আসামি করে একটি মামলা করেছেন। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

এদিকে গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকা থেকে এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তি ওই এলাকায় পাগল মোছা (৭১) নামে পরিচিত।

শাহবাগ থানার এসআই আবদুল মোনায়েম বলেন, বুধবার বিকেল ৫টার দিকে গোলাপশাহ মাজার এলাকায় ফুটপাথে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধকে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।