গত ২৪ বছরের মধ্যে এই প্রথম জার্মানিতে প্রথম রাষ্ট্রীয় সফরে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গতকাল রবিবার তিন দিনের সফরে বার্লিন পৌঁছেছেন তিনি। এই সফরকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতি নির্ধারণকারী ফ্রান্স ও জার্মানির পারস্পরিক সম্পর্কের ‘স্বাস্থ্য পরীক্ষা’ হিসেবে দেখা হচ্ছে। সফরে জার্মানির রাজধানী বার্লিন, পূর্বাঞ্চলীয় ড্রেসডেন ও পশ্চিমাঞ্চলীয় মুনস্টারে যাবেন মাখোঁ। জার্মানিতে পৌঁছানোর পর বার্লিনে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাইটার স্টাইনমায়ারের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সফর শুরু করেন মাখোঁ। আগামী মাসে ইইউয়ের পার্লামেন্ট নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে ইইউয়ের দুই বৃহত্তম শক্তি, ফ্রান্স ও জার্মানি, নিজের মধ্যে ঐক্য তুলে ধরতে চায়।