বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ বন্ধ চাঁদাবাজদের হুমকিতে!

চাঁদাবাজদের হুমকিতে রাজশাহীতে বন্ধ হয়ে গেছে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণকাজ। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভেতরে নির্মাণ করা হচ্ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ওই ম্যুরাল। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরুর পর সম্প্রতি সেখানে চাঁদার দাবিতে হানা দেয় একটি চক্র। বাধ্য হয়ে ঠিকাদার বন্ধ করে দিয়েছেন এই ম্যুরাল নির্মাণের কাজ। বিষয়টি জানিয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পাউবো।

থানায় করা জিডিতে বলা হয়েছে, পাউবোর রাজশাহীর অফিস ক্যাম্পাসের ভেতরে পরিচালনব্যয় খাতের আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণকাজ বাস্তবায়নাধীন রয়েছে। ৭৯ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খন্দকার কনস্ট্রাকশন। গত রবিবার বেলা ১১টার সময় দল বেঁধে অজ্ঞাতপরিচয় ২০-২৫ জন যুবক অফিসের নিরাপত্তা প্রহরীর (আনসার) নির্দেশনা অমান্য করে অফিসে ঢুকে গালাগালসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণকাজে বাধা দেয়। এ ছাড়া কাজ বন্ধ রাখার জন্য হুমকি দেয়। এতে করে নির্মাণকাজে নিয়োজিত ৩০-৪০ শ্রমিক ভীত হয়ে সারা দিন কাজ বন্ধ রাখতে বাধ্য হন। যার ফলে ঠিকাদারি প্রতিষ্ঠানের ৪০-৫০ হাজার টাকার ক্ষতি হয়। এ ছাড়া কাজটি বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে পাউবোর ঠিকাদার সমিতির সভাপতি মাহফুজুর রহমান লোটন বলেন, ‘ঘটনার সময় আমরা ছিলাম না, তবে পরে জেনেছি। এ ঘটনায় আমাদের ঠিকাদার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা (হুমকি দেওয়া যুবকরা) মূলত চাঁদা দাবি করেছিল। তাদের নাকি চাঁদা না দিলে ম্যুরাল হতে দেবে না এমন একটা কথা শুনেছি। তারা সাত দিন আগে অফিসেও আগুন ধরিয়ে দিতে চেয়েছিল।’

ঠিকাদার সমিতির সভাপতি আরও বলেন, ‘এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটা মেনে নেওয়া যায় না যে একটা স্বাধীন দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার ম্যুরাল তারা হতে দেবে না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এর সঙ্গে কারা জড়িত ছিল সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করুক। এ ঘটনার পর থেকে আমাদের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখন অফিস কী সিদ্ধান্ত নেয় সেটি মেনে আমরা কাজ শুরু করব।’

এ বিষয়ে পাউবোর রাজশাহীর উপসহকারী প্রকৌশলী সুকেশ কুমার বলেন, ‘তারা জোর করে অফিসে ঢুকে কাজ বন্ধ করতে বলে। আমরা তখন অফিসের বাইরে সাইট ভিজিটে ছিলাম। পরে আমরা আসার পর তাদের পাওয়া যায়নি। এ ঘটনায় নির্মাণশ্রমিকরা সারা দিন আর কাজ করেননি। রবিবার কাজ বন্ধ ছিল। এটি নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে নগরীর বোয়ালিয়া থানার ওসি হুমায়ন কবির বলেন, ‘পাউবো কর্র্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তাদের মধ্যে নাকি বিষয়টির সমাধান হয়ে গেছে। কিন্তু আজ (গতকাল সোমবার) কাজ শুরু হয়েছে কি না সেটি আমি জানি না।’

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণকাজ বন্ধ্যা থাকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান বাদশা বলেন, ‘স্বাধীন রাষ্ট্রে এমন কাজ অত্যন্ত ঘৃণার চোখে দেখছি। এটা যারা করছে তাদের দ্রুত গ্রেপ্তার করাতে ব্যবস্থা নিচ্ছি।’