ঘূর্ণিঝড় রিমালের কারণে উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের ১৯টি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান।
ইসি সচিব বলেন, মূলত ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোটগ্রহণ করতে মাঠ প্রশাসন, জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করেছেন। ইতিমধ্যেই গতকাল সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছে। যার ফলে কোথাও ১০ নম্বর মহাবিপদসংকেত এবং ৯ নম্বর বিপদসংকেত ঘোষিত হয়। এই পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী যেসব নির্বাচনী এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের পানি প্রবেশ, বেড়িবাঁধ ভেঙেছে, কোথাও কোথাও গাছ উপড়ে গেছে এবং কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে থেকে প্রাপ্ত তথ্যের আলোকে নির্বাচন কমিশন বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগুনঝারা, পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঁঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, ১৯ উপজেলার ভোট আপাতত স্থগিত হয়েছে। এই ১৯টি উপজেলার ভোট স্থগিতের ফলে ২৯ মে ৯০টি উপজেলায় নির্বাচন হবে। এই ১৯ উপজেলায় এখনো পানি জমে আছে। যার ফলে স্থানীয় প্রশাসন এসব এলাকার ভোট পিছিয়ে দিতে অনুরোধ করেছে।