জয়ন্তিভোরে
নাসির আহমেদ
(সাইফুল্লাহ মাহমুদ দুলালকে)
সত্যি মুগ্ধ এখনো তোমার চটপটে গতি!
সাহসীও বটে__ তা নাহলে এত জটিল এবং
আঁকাবাঁকা সর্পিল পথে যাওয়া!
যেন আঠারো বছর বয়সী তরুণের উদ্যম!
তৃষ্ণাকাতর দেখেছিলে জলপরীকেও তুমি
যেন তৃষ্ণায় জ্বলছে নদীই! তুমুল তুখোড় যৌবনে
সেও নিরীক্ষা বটে। 'কেউ কারো নই' এমন ঘোষণা
তুখোড় তরুণী কবিকে বলার সাহস তো লাগে!
ঘাতকের হাতে পবিত্র সংবিধান দেখেছে অনেকেই বটে
ক'জন সমুখযুদ্ধে যাবার সাহস করেছে! তুমি।
বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং পঁচাত্তরের ঘাতক ছুঁয়েছে
তোমার স্মৃতিসত্তাকে, তোমাকে ধন্যবাদ।
দ্রবীভূত তুমি গদ্যে পদ্যে এখনো আমিষ-
ঝোলে আর ঝালে খেয়ে নিচ্ছো হে সুরুৎ শব্দে!
ষাটের সীমানা পেরিয়ে এখনো আঠারো বছর
বয়সী সাহস সুকান্ত-নজরুল-প্রেরণায়?
সত্যি সত্যি দ্রোহী তুমি, তাই তোমাকে সাবাস!
বলি- জয় জয়! জয়! জয়ন্তি-ভোরে।