বাংলাদেশিদের জন্য আবার ভিসা চালু করছে ওমান

বাংলাদেশি নাগরিকদের জন্য আবার ভিসা চালু করতে যাচ্ছে ওমান। প্রথম পর্যায়ে ১২ ক্যাটাগরির ভিসা চালু করা হবে। চেয়ারম্যান অব বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাত দিয়ে গত বুধবার স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ওমান এ খবর দিয়েছে।

প্রথম পর্যায়ে চালু হতে যাওয়া ১২ ক্যাটাগরির ভিসার মধ্যে আছেফ্যামিলি ভিসা, গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) ছয় দেশ ওমান, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা। অন্য ক্যাটাগরির ভিসার মধ্যে রয়েছেডক্টরস, নার্স, টিচার্স, ইঞ্জিনিয়ার্স, ইনভেস্টরস, অ্যাকাউনট্যান্টস ও সব ধরনের অফিশিয়াল ভিসা।

গত বছর ৩১ অক্টোবর ওমান ভিসা দেওয়া বন্ধ করার পর বাংলাদেশিদের ওমানে আসা ৫০ শতাংশের বেশি কমে গেছে। গত সেপ্টেম্বরে বাংলাদেশিদের আগমন ২৮ হাজার ২০১ জনে দাঁড়িয়েছিল। গত কয়েক মাসে এ সংখ্যা অর্ধেকের বেশি কমেছে।

গত বছর ৩১ অক্টোবর বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দিয়ে সার্কুলার জারি করে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।

তখন আরওপি জানিয়েছিল, সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হয়েছে। ওমানে ট্যুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। তবে এর কোনো কারণ তখন আরওপি জানায়নি।

আরওপি আরও জানিয়েছিল, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি ট্যুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।

ওই সময় মাস্কাটে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, ভিসা বন্ধের এই প্রক্রিয়াটি ‘অস্থায়ী’।