ডা. বিমল ছাজেড়

অর্থনৈতিক কারণে বাইপাস সার্জারি ও রিংয়ের ব্যবহার বাড়ছে

হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ভারতের প্রখ্যাত চিকিৎসক ডা. বিমল ছাজেড় এমডি বলেছেন, মানুষের সবচেয়ে বড় অসুখ হচ্ছে হার্টের অসুখ। অথচ এই রোগটা মানুষের হওয়ারই কথা না। আমি এই ম্যাসেজ দিতে চাই আপনি খাবার পরিবর্তন করলে আপনার হার্টের কোনো ক্ষতি হবে না, সুস্থ থাকতে পারবেন। অর্থনৈতিক কারণে বাইপাস সার্জারি ও রিংয়ের ব্যবহার বাড়ছে। ভারতে বছরে ৩৫ লাখ মানুষ মারা যায় হার্টের অসুখে। বাংলাদেশেও হার্টের অসুখে মৃত্যুর সংখ্যা বাড়ছে। মানুষ বড় বড় হাসপাতাল দেখেই মনে করে অপারেশন করিয়ে ফেলি। অথচ এটা যে প্রকৃতির বিপক্ষে তা তারা বুঝতে চায়নি। বাইপাস করার পরও আমাদের আবার সেই হার্টের সমস্যা ফিরে আসে। কেননা হার্টের কাটাছেঁড়া আমাদের শরীরের প্রকৃতি বিরোধী।

তিনি বলেন, আগে দিল্লিতে ২ টা হাসপাতাল ছিল এখন ২৫টা, আগের চেয়ে এই ভবন গুলো আরও বড় হয়েছে কিন্তু রোগী কমছে না। ইন্ডিয়ান চিকিৎসকদের দেখেছি তারা হার্ট অ্যাটাকের প্রকৃত কারণ না খুঁজে কেবল বাইপাস কিংবা রিং পড়ানোকেই সমাধান মনে করেন। কিন্তু এর ফলাফল হিসবে আমরা রোগীর সংখ্যা কিংবা মৃত্যু কমতে দেখছি না। আমরা যদি যেসব কারণে হার্ট অ্যাটাক হচ্ছে তার কারণ সম্পর্কে মানুষকে সচেতন করতে পারি কেবল তবেই হার্টের অসুখ থেকে মানুষের মুক্তি মিলবে। তাই আমি এই কাটাছেঁড়ার বিপক্ষে গিয়ে নিজেদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে হার্টের সুস্থতার পক্ষে।

আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়ামে সাওলের সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ডা. বিমল ছাজেড় এসব কথা বলেন। সকাল ৯ টায় সাওল হার্ট ও লাইফস্টাইলের এই সেমিনার শুরু হয়। সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং যার সংক্ষিপ্ত নাম সাওল, বাংলায় বলা যায় বিজ্ঞানসম্মতভাবে বাঁচার শিল্পিত কৌশল। এই পদ্ধতিতে বিনা রিং, বিনা অপারেশনে হার্ট ব্লকের চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তন, যোগব্যায়াম ও মানসিক চাপ নিয়ন্ত্রণের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে জীবন যাপন পদ্ধতি পরিবর্তনের দ্বারা হৃদরোগীরা সুস্থ হতে পারবেন। আমেরিকার বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ডিন অর্নিশ এই চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন করেন।

সেমিনারে সাওলের ৩ শাখা ঢাকা, চট্রগ্রাম ও সিলেটের পাশাপাশি সারাদেশ থেকে মানুষ অংশ নেয়। সেমিনারের বিভিন্ন সেশনে ডা. বিমল ছাজেড় বক্তব্য রাখেন এবং সাওল চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবহিত করেন। সেমিনারে অংশ নেওয়া মানুষদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন ডা. বিমল ছাজেড়।

 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, স্বাস্থ্য নিয়ে সবারই একটু একটু করে ভাবতে হবে। হৃদরোগ এখন ধনী গরিব সবার হচ্ছে। স্বাস্থ্য সেবার অতি বাণিজ্যকরণের ফলে অনেক রোগ সৃষ্টি হচ্ছে। ওষুধ বিক্রি করতে এক ধরনের চাপ থাকে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে অতি বাণিজ্যিকীকরণ ঢুকে পড়েছে। একে প্রতিহত করা দরকার। নিজের স্বাস্থ্যের দায়িত্ব নিজেকেই নিতে হবে। স্বাস্থ্য ভালো রাখার সহজ নিয়মকে মেনে চলতে হবে।আমি মনে করি, হৃদরোগ হবে না সেই জায়গায় যাওয়াটা সমাজের এজেন্ডা হওয়া উচিত। ডা. বিমল সাজেড়, মোহন রায়হানরা যে লড়াই চালাচ্ছেন সেখানে আমাদের একাত্মতা জানাতে হবে। আশা করি এটা একটা সামাজিক আন্দোলনে পরিণত হবে।

এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, দুনিয়ায় মানুষকে পাঠানো হয়েছে খাওয়ার জন্য। এখন সিঙ্গারা খেতে পারব না, পুড়ি খেতে পারব না এটা মানতে পারি না। কিন্তু সাওল বলে সুস্থ থাকতে তেলযুক্ত খাবার পরিহার করতে হবে,মসলাকে না বলতে হবে। খাবারের স্বাদ যতক্ষণ মুখে থাকে সেই পর্যন্ত। অথচ রসনার এই স্বল্প সময়ের পরিতৃপ্তির জন্য আমরা নিজেদের ক্ষতি করছি। আমরা অল্প মসলা অল্প তেলের খাবারে অভ্যস্ত হলেই রোগ থেকে মুক্তি মিলবে এমনটাই বলে থাকে সাওল।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী বলেন, মানুষের ভালো থাকার সুস্থ থাকার ক্রমাগত চেষ্টার মাধ্যমে আয়ু বেড়েছে। স্বাস্থ্য বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের কিছু মৌলিক বিষয় রয়েছে। মানুষের খাবারের যে ক্রমবর্ধমান বিবর্তন তার দিকে তাকালে দেখা যায় ফল, শাকসবজি ও লতাপাতা দিয়ে মানুষের খাবার গ্রহণ শুরু হয়। এরপর মানুষ শস্য দানা হয়ে ছোট প্রাণী হয়ে এখন বড় বড় প্রাণী খাবার হিসেবে গ্রহণ করছে। কোনো প্রাণী খাবারে লবণ ও মসলা গ্রহণ না করলেও মানুষ করে।ফলে আমাদের পরিপাকতন্ত্রে ক্ষতি হয়। প্রয়োজনের অতিরিক্ত কিংবা কম খেলে তার প্রভাব আমাদের জীবনে পড়ে।

সাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হান অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি ও দর্শকদের স্বাগত জানান। তিনি বলেন, সাওল পদ্ধতি মানুষের সুস্থ থাকার পদ্ধতি খুঁজে দিতে চায়। সাওলকে একটা আন্দোলনে পরিণত করতে চাই।আমরা দেশের একটা মানুষকেও হার্ট অ্যাটাকে মারা যেতে দিতে চাই না।