দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে ৭১ শতাংশ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী, ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ৪১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে। গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশন এসব তথ্য জানিয়েছে।
৭১ শতাংশ কেন্দ্রের ভোট গণনায় ডেমোক্রেটিক অ্যালায়েন্স দল ২২ দশমিক ৪৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আর ১২ দশমিক ৩৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা-সমর্থিত উমখুনটো উই সিজ (এমকে) দল। আর কট্টর বামপন্থী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার (ইএফএফ) পেয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ ভোট।
দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনামল অবসানের পর ১৯৯৪ সালে অনুষ্ঠিত অংশগ্রহণমূলক নির্বাচনে বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নেতৃত্বাধীন এএনসি জয়লাভ করে। এরপর পাঁচ বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩০ বছর ধরে ক্ষমতায় আছে এএনসি। তবে ক্ষমতা ধরে রাখলেও ধারাবাহিকভাবেই এএনসির ভোট কমছিল। সর্বশেষ ২০১৯ সালের নির্বাচনে ৫৭ শতাংশের কিছু বেশি ভোট পায় এএনসি। তবে এবার যে পরিস্থিতি, তাতে এএনসিকে জোট সরকার গঠনের পথে হাঁটতে হবে।