সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ফিলিস্তিনে শহীদ, কারাগারে বন্দি এবং আহত পরিবারের ১ হাজার সদস্যকে রাজকীয় মেহমান হিসেবে হজের আমন্ত্রণ জানিয়েছেন। তারা পবিত্র হজ পালন করতে সৌদি আরবে আসবেন।
এ ছাড়া মোট ৮৮টি দেশের ১ হাজার ৩০০ জন কৃতি নাগরিকসহ আমন্ত্রিতের তালিকায় আরও রয়েছেন সৌদি আরবে অপারেশন করে বিচ্ছিন্ন করা জমজ শিশু আবদুল্লাহ ও আবদুর রহমানের পরিবারের ২২ সদস্য।
সম্প্রতি সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রকল্পটি সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ২৬ বছর আগে প্রতিষ্ঠার পর থেকে এ কর্মসূচির আওতায় ৬০ হাজারেরও বেশি হজযাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদির ধর্ম, দাওয়াহ ও গাইডেন্স বিষয়কমন্ত্রী ডক্টর আবদুল লতিফ ইবনে আবদুল আজিজ আলে শেখ বলেন, এই বিষয়টি বিশ্ব জুড়ে মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব জোরদার করার প্রচেষ্টাকে প্রতিফলিত করে। মন্ত্রী আরও বলেন, এই হজযাত্রীদের আতিথেয়তার প্রস্তুতি শুরু হয়েছে এবং একটি কৌশলগত পরিকল্পনাও তৈরি করা হয়েছে। যেসব দেশের মুসলমানরা বাদশাহর অতিথি হয়ে হজ পালনের সুযোগ পেয়েছেন তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে সৌদি সরকার। ভিসা প্রদান, হজ করতে আসা এবং হজ করে নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করা হচ্ছে। প্রক্রিয়াটি হজযাত্রীদের তাদের নিজ দেশ থেকে প্রস্থান করার সময় শুরু হয় এবং এটি নিশ্চিত করে যে, তারা স্বাচ্ছন্দ্যে ওমরাহ ও হজ পালনের জন্য সব সুবিধা পাবে, মদিনা সফর করবে এবং মসজিদে নববিতে প্রার্থনা করবে। সূত্র : আরব নিউজ