বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আইএমএফ’র নিয়ম অনুযায়ী আমাদের তিন মাসের আমদানির পরিমাণ রিজার্ভ থাকলেই যথেষ্ট। কিন্তু আমাদের এখনো সাড়ে ৪ মাসের রিজার্ভ আছে।
আজ শনিবার (১ জুন) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক চাপ থেকে আমরা আস্তে আস্তে মুক্ত হতে পারবো যদি আমাদের প্রবাসী ভাইরা বেশি করে রেমিট্যান্স পাঠায়। এছাড়া আমাদের রপ্তানি আয়টা আরেকটু বাড়ে তাহলে চাপ মুক্ত হতে পারবো। সবচেয়ে বড় কথা বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আমাদের যে আমদানি রপ্তানির গ্যাপ রয়েছে, এই গ্যাপ ফুলফিল করার জন্য আমাদের বিদেশি সরাসরি বিনিয়োগ দরকার। আমারা অনেক দেশ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। ওই বিনিয়োগগুলো চলে আসলে আমরা অনেকটা চাপমুক্তভাবে আগের মতো করে আমদানি রপ্তানি করতে পারবো।
এর আগে বেলুন উড়িয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিকের উদ্যোগে মেলার উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে বাণিজ্য প্রতিমন্ত্রী। অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, আঞ্চলিক কার্যালয় বিসিক পরিচালক ও উপসচিব ড. মো. আলমগীর হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল বিসিক সহকারী মহাব্যবস্থাপক শাহনাছ বেগম। প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় ৫৪ টি স্টল অংশ নিয়েছে।