দক্ষিণ সাগর নিয়ে চীনকে সতর্ক করল ফিলিপাইন

চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরে রেড লাইন অতিক্রম না করতে হুঁশিয়ার করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়র। তিনি বলেছেন, চীনের ইচ্ছাকৃত কর্মকাণ্ডের কারণে কোনো ফিলিপিনো মারা গেলে সেটিকে যুদ্ধকর্ম হিসেবে বিবেচনা করা হবে এবং সেই অনুযায়ী জবাবও দেওয়া হবে।

বিবিসি বলছে, শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানদের অংশগ্রহণে সিঙ্গাপুরে নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখার সময় মারকোস এমন হুঁশিয়ারি দেন। তবে ফিলিপাইনের প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর চীনের এক সামরিক মুখপাত্র তার দেশের ওপর দোষ চাপিয়ে দেওয়া ও মানহানিকর বলে অভিযোগ করেছেন।

দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও ফিলিপাইনের দীর্ঘদিনের বিরোধ সাম্প্রতিক সময়ে সাংঘর্ষিক রূপ নিয়েছে।