দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনামল অবসানের পর ১৯৯৪ সালে অংশগ্রহণমূলক নির্বাচনে বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নেতৃত্বাধীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) জয়লাভ করে। এরপর পাঁচ বছর পরপর নির্বাচনের মধ্যমে ৩০ বছর ধরে ক্ষমতায় আছে দলটি। প্রতি নির্বাচনেই এককভাবে সরকার গঠন করেছে দলটি। কিন্তু এবার আর একভাবে সরকার গঠন করতে পারছে না নেলসন ম্যান্ডেলার দলটি। গত বুধবার হওয়া নির্বাচনে গতকাল শনিবার পর্যন্ত ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের গণনা শেষ হয়েছে। এতে ৪০ দশমিক ২৬ শতাংশ ভোট পেয়েছে এএনসি; যা নিয়ে একভাবে সরকার গঠন করতে পারছে না তারা। আর এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় এএনসির তিন দশকের একক আধিপত্যের অবসান হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
দেশটির নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) ২১ দশমিক ৬৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আর ১৪ দশমিক ৬৮ শতাংশ ভোট পেয়ে
তৃতীয় অবস্থানে আছে উমখুনটো উই সিজ (এমকে)। আর কট্টর বামপন্থি দল ইকোনমিক ফ্রিডম ফাইটার (ইএফএফ) পেয়েছে ৯ দশমিক ৪৬ শতাংশ ভোট।