মাস ছয়েক শুনানি শেষে ফৌজদারি মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্ক আদালত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক আদালতের ১২ সদস্যের জুরি বোর্ড ফৌজদারি মামলায় ৩৪টি অভিযোগের সব কটিতেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে। অন্যদিকে দোষী সাব্যস্ত হওয়ার একদিন পর আর্থিক খেসারত দিতে হয়েছে তাকে। গত শুক্রবার তার গণমাধ্যম কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ার মধ্য দিয়ে তাকে এই খেসারত দিতে হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার দিন শেষে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারের দাম কমে যায় ৫ দশমিক ৩ শতাংশ। এই কোম্পানিতে যেহেতু সাবেক প্রেসিডেন্টের সবচেয়ে বেশি শেয়ার রয়েছে, তাই তার ক্ষতিই হয়েছে সবচেয়ে বেশি। লেনদেন শেষে ওই কোম্পানিতে ট্রাম্পের শেয়ারের মূল্য দাঁড়ায় ৫৫০ কোটি ডলার। ঠিক এক দিন আগে ওই শেয়ারের দাম ছিল ৫৯০ কোটি ডলার। অর্থাৎ এক দিনেই মূল্যমান কমেছে ৪০ কোটি ডলার।
গত বৃহস্পতিবার ন্যাসডাক শেয়ারবাজার বন্ধের সময় ট্রাম্প মিডিয়ায় তার শেয়ারের দাম ছিল ৫৯০ কোটি ডলার। তিনি মিডিয়া কোম্পানির ৬৫ শতাংশ শেয়ারের মালিক। কিন্তু শুক্রবার একপর্যায়ে তার শেয়ারের দাম দাঁড়ায় ৫৫০ কোটি ডলার। পরে দাম খানিকটা বাড়ে। বৃহস্পতিবার আদালত ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পর প্রথম ঘণ্টায় কোম্পানিটির শেয়ার ৯ শতাংশ পর্যন্ত কমে যায়।
যদিও ট্রাম্প মিডিয়ার শেয়ারের দাম খুব বেশি ওঠানামা করছে। তবে সাবেক প্রেসিডেন্ট চাইলেই আগামী সেপ্টেম্বরের আগে শেয়ার বিক্রি করতে পারবেন না। কারণ, এই শেয়ারগুলো লক-আপ চুক্তির বাধ্যবাধকতায় রয়েছে।
ট্রাম্প মিডিয়ার আর্থিক পরিস্থিতি এখনো সাফল্যের মুখ দেখেনি। চলতি বছরের প্রথম তিন মাসে এই কোম্পানির লোকসান ২১ কোটি ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৮০ লাখ ডলার। এ সময় কোম্পানির আয় কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ৫০০ ডলার।
মার্কিন সংবাদ মাধ্যম ফোর্বসের মতে, শুক্রবার সকাল পর্যন্ত ট্রাম্পের মোট সম্পদ ৭ দশমিক ৮ বিলিয়ন থেকে কমে ৭ দশমিক ৫ বিলিয়নে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার তিনি ছিলেন বিশ্বের ৩৪৪তম ধনী। শুক্রবার ২৩ ধাপ অবনতি হয়ে তার অবস্থান দাঁড়ায় ৩৫৭তম।