ভারতের রাজস্থানের আজমিরে একটি মসজিদের ইমামকে পিটিয়ে হত্যা করেছে মুখোশধারী তিন ব্যক্তি। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ইমামের নাম মোহাম্মদ মাহির (৩০)। তার বাড়ি উত্তর প্রদেশের রামপুরা এলাকায়। পুলিশ জানায়, গত শনিবার রাতে মাহির তার ছয় সন্তানকে নিয়ে আজমিরের রামগঞ্জের কাঞ্চন নগরের একটি মসজিদের ভেতর ঘুমিয়ে ছিলেন। অচেনা হামলাকারীরা মসজিদের ভেতর প্রবেশ করে মাহিরকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। হামলাকারীরা মাহিরের মোবাইল ফোনও কেড়ে নেয়। যে কারণে তার সন্তানরা ফোনে সাহায্য চাইতে পারেনি। পরে হামলাকারীরা চলে গেলে তারা মসজিদ থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চায়। পুলিশ জানায়, প্রতিবেশীরা গিয়ে মাহিরকে মৃত অবস্থায় উদ্ধার করে।