প্রতিদিন আমরা অনেক খাবারই রান্না করি। কিন্তু সবসময় পুরোটা খাওয়া হয়ে ওঠে না। আবার ফেলে দেওয়াও যায় না। তাই একটু বুদ্ধি খরচ করলে বাড়তি খাবারটা আবার ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আগের দিনের ভাত, বাসি ভাত দিয়ে আমরা বানিয়ে নিতে পারি ফ্রায়েড রাইস। প্যানে অল্প ঘি এবং সাদা তেল গরম করে তাতে গোটা গরম মসলা ফোড়ন দিন। এরপর তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, নুন, ক্যাপসিকাম কুচি এবং গরম মসলা গুঁড়া দিয়ে নেড়ে নিয়ে তাতে ভাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঝরঝরে হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন। এ ছাড়াও ভাত দিয়ে বানাতে পারেন রাইস পুডিং। দুধ ফুটিয়ে ঘন করে নিয়ে তাতে বাসি ভাত এবং চিনি দিয়ে মিশিয়ে নিলেই রেডি রাইস পুডিং। ওপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন। ডাল, তরকারি, মাছ, মাংস ফ্রিজে ভালো থাকলেও চেষ্টা করবেন সেটা ভালো করে গরম করে এক দুদিনের মধ্যে খেয়ে ফেলতে। মাইক্রোওয়েভ খাবার গরম করলে অন্তত ৭৫ ডিগ্রিতে খাবার গরম করে নেওয়ার পরে খান। অনেক সময় ফল খাওয়ার পর থেকে যায়। বিশেষ করে কলা কয়েকদিন ঘরে রাখলে কালো হয়ে যায়। এই কলা ফেলে না দিয়ে বানাতে পারেন ব্যানানা ফ্রিটারস। পাকা কলা চটকে নিয়ে তাতে ফেটানো ডিম, চিনি, দুধ, বেকিং পাউডার এবং ময়দা দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি পাকোরার আকারে গোল করে গরম তেলে ছাড়ুন। সোনালি রঙ হলে নামিয়ে নিন এবং গরম গরম সার্ভ করুন। পাউরুটি বেশিদিন রাখলে নষ্ট হয়ে যেতে পারে। তাই পাউরুটি টুকরা করে কেটে একটা বাটিতে করে না ঢেকে ফ্রিজে রেখে দিন কয়েকদিন ধরে। টুকরাগুলো কড়কড়ে হয়ে গেলে, সেগুলো গ্রাইন্ড করে নিন পাউডারের মতো। একটা এয়ার টাইট কনটেনারে রেখে দিতে পারেন এই ব্রেড ক্রাম এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন যে কোনো কিছু ফ্রাই করতে।