আইসিটি পরীক্ষার প্রশ্নে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রসঙ্গ, এলাকায় ক্ষোভ

মানিকগঞ্জের শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষার প্রশ্নে নিয়ে এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্নে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর প্রসঙ্গ টানা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

জানা গেছে, গতকাল রবিবার (২ জুন) কলেজে একাদশ শ্রেণির আইসিটি পরীক্ষার ৪ নম্বর প্রশ্ন নিয়ে শুরু হয় বিতর্ক। পরে প্রশ্নটি ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই প্রশ্ন তুলে ধরা হলো:-

৪ নম্বর প্রশ্নের দৃশ্যকল্প-১ এ উল্লেখ করা হয়, ‘ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন গত ২১ মে তারিখে শিবালয় উপজেলার একমাত্র দানবীর, অতিশয় দয়ালু, গরিব—দুঃখী, মেহনতী মানুষের দুঃসময়ের কান্ডারী, একালাবাসীর জন্য অন্যতম পরীক্ষীত ধৈর্য্যশীল ব্যক্তি, এলাকার মাটি মানুষের একমাত্র অহংকার এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুর রহিম খান দোয়াত কমল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে (৩২,৫৮৬)১০ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীগণ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন (২১,৪৬৬)১০ ভোট এবং আনারস প্রতীক নিয়ে পেয়েছেন (১৮,১৭৫)১০ ভোট।’

ওই প্রশ্নে বলা হয়, (ক) সংখ্যা পদ্ধতিতে কম্পিউটার সিস্টেমে সত্য, মিথ্যা কী? (খ) ঋণাত্মক সংখ্যা গঠনের উপায় কয়টি—ব্যাখ্যা কর। (গ) উদ্দীপকের দৃশ্যকল্প—১ এ নবনিযুক্ত উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খানের প্রাপ্ত ভোটের সংখ্যাকে বাইনারিতে রূপান্তর কর। (ঘ) উদ্দীপকের দৃশ্যকল্প—১ এ আব্দুর রহিম খানের প্রাপ্ত ভোট সংখ্যা পান্নু খানের প্রাপ্ত ভোট সংখ্যা থেকে কত বেশি তা তিনভিত্তিক সংখ্যায় বের করা এবং রেজাউর রহমান জানুর প্রাপ্ত ভোট সংখ্যা থেকে কত বেশি তা পাঁচ ভিত্তিক সংখ্যায় বের কর।

কলেজের প্রভাষক মো. দেলোয়ার হেসেন জানান, কলেজে আইসিটি বিষয়ে কোনো শিক্ষক না থাকায় প্রশ্নপত্র তৈরির জন্য পাঁচজন শিক্ষক নিযুক্ত রয়েছেন। প্রতি শিক্ষকের দেওয়া প্রশ্নের ভিত্তিতে পূর্ণাঙ্গ প্রশ্নপত্র তৈরি হয়। তবে, তার এ বিষয়ে দেওয়া দুটি প্রশ্ন রয়েছে। ৪ নম্বর প্রশ্নের কারণে যে বিতর্ক তৈরি হয়েছে তা প্যানেলের প্রভাষক মো. শাহজাহান আলী উত্থাপন করেছেন।

প্রভাষক মো. শাহজাহান আলী মোবাইল ফোনে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজ হননি।

অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার দেশ রূপান্তরকে জানান, আইসিটি পরীক্ষায় এমন প্রশ্নের বিষয় তিনি অবগত নন। তিনি প্রশ্নটি দেখে এ বিষয়ে জানাতে পারবেন।