‘আমি আপনাদের নাছিমা মুকাই আলী। ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আপনাদের শাসক নয়, সেবক হয়ে আমৃত্যু পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। স্মার্ট ও উন্নত বিজয়নগর উপজেলা গড়তে ৫ জুন ঘোড়া মার্কায় দলমত নির্বিশেষে সবার ভোট চাই। আপনারা সবাই মিলে আমার মার্কা ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন’ গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন নাছিমা মুকাই আলী।
উপজেলার হরষপুর এলাকায় এ পথসভার আয়োজন করা হয়। এতে ঘোড়া মার্কায় ভোট প্রার্থনার পাশাপাশি সবার দোয়া ও সমর্থন চান নাছিমা মুকাই আলী।
বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারের শেষ দিন ছিল গতকাল। শেষ দিনে ঘোড়া মার্কার সমর্থনে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা ছিল মুখরিত। ঘোড়া মার্কার জয়ধ্বনিতে গানের ছন্দে আর স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।
এবার নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৯ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে ছয় প্রার্থীর মধ্যে মূলত লড়াই হবে ত্রিমুখী এমন গুঞ্জনই শোনা যাচ্ছে ভোটের মাঠে। ভোটাররা বলছেন, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াইয়ে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাছিমা মুকাই আলী (ঘোড়া), উপজেলা যুবদল নেতা মো. আল জাবের (জাবেদ আহমেদ) (আনারস) এবং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী রফিকুল ইসলাম (কাপ-পিরিচ)। তবে প্রচার-প্রচারণায় তৃণমূলে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী নাছিমা মুকাই আলী।
১০টি ইউনিয়ন নিয়ে গঠিত বিজয়নগর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১০ হাজার ৫৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৮৪৫ ও নারী ভোটার ১ লাখ ৬৯৩ জন। ৭৮টি ভোটকেন্দ্রে ৫ জুন (আগামীকাল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।