চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় দিনদুপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের জেলখানা মোড়ে হামিদ খান মার্কেটের মেসার্স মোল্লা ট্রেডার্সে এ ঘটনা ঘটে।

মুহিদ মোল্লা নামের এই ব্যবসায়ী নরসিংদীর বিলাসদী এলাকার ওয়াহাব মোল্লার ছেলে। তিনি মেসার্স মোল্লা ট্রেডার্সের পরিচালক।

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মুহিদ অভিযোগ করেন, চিনিশপুর ইউনিয়নের কামাল ভূঁইয়ার ছেলে রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় সোমবার বিকেলে তার ব্যবসাপ্রতিষ্ঠানে এসে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে গেছেন।

ভাইরাল হওয়া ২ মিনিট ১৬ সেকেন্ডের ফুটেজে দেখা গেছে, মোল্লা ট্রেডার্স নামের একটি স্টিলের দোকানের সামনে লাল টি-শার্ট পরা দুই যুবকসহ কয়েকজনের জটলা। দোকানের ভেতরেও লোকজন রয়েছে। এর মধ্যে দোকান বরাবর সামনে গিয়ে দফায় দফায় লাল গেঞ্জি পরা উত্তেজিত এক যুবক দোকানের ভেতর লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এ সময় উপস্থিত লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কেউ একজন গুলিবর্ষণকারী উত্তেজিত যুবককে থামানোর চেষ্টা করে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।

মেসার্স মোল্লা ট্রেডার্সের ম্যানেজার সাখাওয়াত হোসেন রাজু বলেন, ‘রবিউল প্রকাশ্যে দোকানে এসে তিন রাউন্ড গুলি ছোড়ে। অল্পের জন্য মুহিদ বেঁচে যান।’

এ ঘটনায় রাতেই ভুক্তভোগী মুহিদ মোল্লা বাদী হয়ে রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। দোকানের ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তা আমরা বিশ্লেষণ করছি। এ ঘটনায় আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

উল্লেখ্য, সম্প্রতি নরসিংদীতে তিনজন রাজনৈতিক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে।