যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্নো তারকাকে দেওয়া ঘুষের ফৌজদারি মামলায় গত সপ্তাহে নিউ ইয়র্কের আদালতে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর কিছু জনসমর্থন খুইয়েছেন। মামলায় ট্রাম্প দোষী হওয়ার পর গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোয় কিছুসংখ্যক ভোটার এখন প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে ঝুঁকছেন। জনসমর্থনের দিক থেকে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ব্যবধান কমে এসেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দেওয়া রায় আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানেরই শুধু ক্ষতি করবে বলে রিপাবলিকানরা দাবি করলেও নতুন কয়েকটি জরিপের ফলে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।
সংবাদমাধ্যমটি বলছে, ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার আগে গত এপ্রিল এবং মে মাসে জরিপ চালানো দুই হাজার মার্কিনির মধ্যে নতুন করে চালানো নিউ ইয়র্ক টাইমস/সিয়েনা কলেজ জরিপে দেখা গেছে, ট্রাম্প আগের তুলনায় এক পয়েন্ট সমর্থন খুইয়েছেন। আর বাইডেন এক পয়েন্ট বেশি সমর্থন পেয়েছেন।
এমারসন কলেজ পরিচালিত বৃহস্পতিবারের জরিপে অবশ্য ট্রাম্পের জনসমর্থন আগের মতো একই ধরনের আছে বলে দেখা গেছে। তবে বাইডেনের জনসমর্থন গত মাসের তুলনায় এক পয়েন্ট বাড়তে দেখা গেছে।
তা ছাড়া, প্রধান চারটি জরিপের দুটিতে জনসমর্থনের দিক থেকে বাইডেনকে এগিয়ে যেতে দেখা গেছে : গত সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার পরিচালিত রয়টার্স/ইপসোস জরিপে বাইডেন এগিয়েছেন দুই পয়েন্টে। ট্রাম্পের মামলার রায় হওয়ার সময় জরিপগুলো পরিচালনা করা হয়।
শুক্রবার পরিচালিত মর্নিং কনসাল্ট জরিপে বাইডেন এগিয়ে আছেন এক পয়েন্টে। আর আইঅ্যান্ডআই/টিআইপিপি জরিপে ট্রাম্প এবং বাইডেনের সমর্থন সমানে সমান দেখা গেছে। ইকোনমিস্ট/ইউগভ জরিপের ফলেও বুধবার বাইডেন এবং ট্রাম্প দুজনকেই ৪২ শতাংশ জনসমর্থন পেতে দেখা গেছে।
ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, যিনি প্রধান একটি দল থেকে আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী ১১ জুলাই ট্রাম্পের সাজার রায় ঘোষণা হতে পারে।