জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন

ইউক্রেনে সামরিক সহায়তা পাঠাতে দেরি হওয়ায় ভলোদিমির জেলেনস্কির কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে তিনি ইউক্রেনকে নতুন করে সাড়ে ২২ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন প্যাকেজে গোলাবারুদ এবং বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত পর্বে মিত্রবাহিনীর ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে অবতরণ দিবসের ৮০তম বার্ষিকী (দিনটি ডি-ডে নামে পরিচিত) উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা গত বৃহস্পতিবার ফ্রান্সে জড়ো হয়েছিলেন। সে উপলক্ষে বাইডেন-জেলেনস্কিও গিয়েছিলেন ফ্রান্সে। শুক্রবার দেশটির রাজধানী প্যারিসে দুই নেতার বৈঠক হয়।

বিবিসি বলছে, সেখানে জেলেনস্কির সঙ্গে আলাপকালে সামরিক সহায়তা দিতে দেরি হওয়ার দায় মার্কিন কংগ্রেসের কয়েকজন রিপাবলিকান নেতার ওপর চাপিয়েছেন বাইডেন। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র আপনার পাশে থাকবে। আপনি মাথা নত করেননি, কোনোভাবে পিছু হটেননি। আপনি লড়ে যাচ্ছেন, এটা অসাধারণ, একেবারেই অসাধারণ।