ইউপি সদস্যের উপর হামলা করল চেয়ারম্যানের লোকজন

কিশোরগঞ্জে নিবার্চন পরবর্তী সহিংসতায় সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য (মেম্বার) সাজ্জাত হোসেন সাজুর উপর হামলা চালিয়েছে চেয়ারম্যানের লোকজন।

আজ রবিবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাঠের বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনার পর সাজ্জাত হোসেন সাজুকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাজ্জাত হোসেন সাজু রবিবার সকালে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণের জন্য সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যানের ডাকে বাড়ি থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথে মাঠের বাজার এলাকায় তার সহকর্মী ইউনিয়ন পরিষদের আরেক সদস্যের জন্য তিনি অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ দানাপাটুলি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাসুদ মিয়ার ছোট ভাই সিজান মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ৬—৭ জনের একটি দল তার উপর অর্তকিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্যের চাচা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আব্দুর রশিদ জানান, গত ৮ মে কিশোরগঞ্জ সদর উপজেলার নিবার্চন অনুষ্ঠিত হয়। এতে সাজ্জাত হোসেন সাজু নিবার্চনে বিজয়ী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেনের সমর্থক ছিলেন। আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া ছিলেন স্বতন্ত্র প্রার্থী মাসুদ আল মামুন এর পক্ষে। এ নিয়ে নিবার্চনের সময় সাজ্জাত হোসেনকে প্রায়ই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া হুমকি-ধামকি দিতেন। ওই জেদ মিটাতে সকালে ওৎ পেতে থাকা চেয়ারম্যান মাসুদের ছোট ভাই সিজান মিয়া তার দলবল নিয়ে তার উপর হামলা চালায়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ বিষয়টি শুনেছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ আসেনি। আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।