ছেলের দোষের দায় বাইডেনের ভোটে প্রভাব ফেলবে না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত গেত মঙ্গলবার এ-বিষয়ক ফৌজদারি অপরাধের তিনটি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে।

তবে হান্টার বাইডেনের ফৌজাদির অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার এই রায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার বাবা জো বাইডেনের প্রতিপক্ষ শিবিরের প্রচারণার হাতিয়ার হয়ে উঠবে। রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। শারীরিক সম্পর্কের কথা চেপে যাওয়ার জন্য এক পর্নো তারকাকে অর্থ দিয়েছিলেন ট্রাম্প। সেই তথ্য ব্যবসায়িক লেনদেনের নথিতে উল্লেখ না করার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। আগামী ১১ জুলাই তার বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত।

তবে বিবিসির উত্তর আমেরিকা প্রতিনিধি অ্যান্থনি জুরচার মনে করেন, নভেম্বরের নির্বাচনে আমেরিকানরা কাকে ভোট দেবেন, সে বিষয়ের ওপর হান্টার বাইডেনের দোষী সাব্যস্ত হওয়ার রায় খুব একটা প্রভাব ফেলবে না।