‘মোহাম্মদ নাসিম সম্মাননা’ পেলেন কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু

সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মোহাম্মদ নাসিম স্মৃতি সম্মাননা-২০২৪’ পেয়েছেন কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু। কাজিপুর পাবলিক লাইব্রেরির আয়োজনে সম্মাননা দেওয়া হলো সাহিত্যের এই গুণীজনকে।

বুধবার (১৩ জুন) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাজিপুরের শহীদ এম মনসুর আলী আধুনিক অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও মোহাম্মদ নাসিম স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সম্মাননা পদক তুলে দেন প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। 

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, বাংলাদেশে আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রেফাজ উদ্দিন মাস্টার, সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ। বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাসহ আমন্ত্রিত অতিথিরা।

সম্মাননা পাওয়ার অনুভূতি ব্যক্ত করে রিপন আহসান ঋতু বলেন, মোহাম্মদ নাসিম বাংলাদেশের রাজনীতিতে একজন মহীরুহ। বর্ষীয়ান এই রাজনীতিবিদের নামে সম্মাননা পাওয়া আমার জন্য সত্যিই বিস্ময়কর। এটি এমন একটি সম্মাননা যা আমার জীবনে ভীষণ ঘটনাবহুল এক হিরন্ময় স্মৃতি হয়ে থাকবে। আমি মনে করি এই সম্মাননা আমার লেখালেখিতে একটি বড় উৎসাহ জোগাবে। 

কথাসাহিত্যিক রিপন আহসান ঋতুর জন্ম ১৮ ফেব্রুয়ারি, ১৯৮৭ সালে সিরাজগঞ্জ জেলার, কাজিপুর উপজেলার ছালাভরা গ্রামে। শৈশব, কৈশোরে যমুনার নদীর তীরে এক সর্বগ্রাসী হাঁ-করা চোখ নিয়ে বেড়ে ওঠা তার। শৈশবে বাবার আকস্মিক মৃত্যুই মূলত তাকে লেখক বানিয়েছে। প্রয়াত বাবার স্মৃতিচারণ লিখতে গিয়েই লেখার পুঁজির ভান্ডার তিলতিল করে সমৃদ্ধ করেছেন। 

তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে উপন্যাস: ‘গল্পের মোড়কে মানুষ’। গল্পগ্রন্থ: সংসার থেকে লুকিয়ে, যাদুর নীল বেলুন। প্রবন্ধগ্রন্থ: অতঃপর প্রহসন। কাব্যগ্রন্থ: ভাঙনের উৎসব। এ ছাড়াও তিনি ‘ঠোঁট’ নামের একটি ভাঁজপত্র সম্পাদনা করেন। রিপন আহসান ঋতু দেশের বিভিন্ন জায়গাতে বঙ্গবন্ধু পাঠচক্র প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন। তার ‘বঙ্গবন্ধুর বাড়ির সুপারি অতঃপর আমার বাবা’ শিরোনামের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পিতা ও পুত্র’। 

লেখালেখির জন্য তিনি পেয়েছেন বামিহাল তরুণ কথাসাহিত্য পুরস্কার-২০২২, ফ্রেন্ডস পদক-২০১৯, পাঠকপণ্য পাঠশালা পুরস্কার-২০১২। 

রিপন আহসান ঋতু বর্তমানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত। শিক্ষক স্ত্রী নাজমুন্নাহার ও সন্তান রাফসান আল জারিরকে নিয়ে ঢাকায় বসবাস করেন। 

এ বছর ‘মোহাম্মদ নাসিম স্মৃতি সম্মাননা-২০২৪’ পেয়েছেন মোট দশজন। মুক্তিযুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. চাঁদ মিয়া, রাজনীতিতে প্রয়াত ইসমাইল হোসেন সরকার (মরণোত্তর), সংস্কৃতিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহ আলী সরকার (মরণোত্তর), সাহিত্যে রিপন আহসান ঋতু, চিকিৎসা সেবায় ডা. মো. সাইদুল ইসলাম, শিক্ষায় প্রফেসর মো. রেজাউল করিম রাঙ্গা, কৃষিতে কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, সমাজ সেবায় প্রফেসর পরিমল কুমার তরফদার ও আবদুর রাজ্জাক এবং উদ্যোক্তা হিসেবে পেয়েছে সাধক কিংবদন্তি ফুলেয়ারা খাতুন।