সংসদে আইনমন্ত্রী

ক্যাডেট কলেজ কম হওয়ায় মেয়েরা বঞ্চিত হচ্ছে

দেশের ছেলে ও মেয়ের অনুপাত প্রায় সমান হলেও ক্যাডেট কলেজে মেয়েদের পড়ার সুযোগ কম বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, আসন-স্বল্পতার কারণে মেধাবী মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল কাদের আজাদের প্রশ্নের লিখিত জবাবে আনিসুল হক জানান, দেশে ১২টি ক্যাডেট কলেজের মধ্যে ৩টি মহিলা ক্যাডেট কলেজ আছে। তিনি বলেন, দেশের জনসংখ্যার ছেলে ও মেয়ের অনুপাত প্রায় সমান হলেও ক্যাডেট কলেজে মেয়েদের পড়ার সুযোগ কম। প্রতিবছর সপ্তম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় তুলনামূলক অধিক ভালো ফল অর্জন করা সত্ত্বেও শুধু আসন-স্বল্পতার জন্য মেধাবী মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া গার্লস ক্যাডেট কলেজগুলোর ভৌগোলিক অবস্থান অনুযায়ী দেশের দক্ষিণ অঞ্চলে কোনো গার্লস ক্যাডেট কলেজ নেই।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নবম জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি হাওর অঞ্চলে একটিসহ দেশের পুরনো ২০ জেলার যেসব জেলায় কোনো ক্যাডেট কলেজ নেই, সেসব জেলায় একটি করে ক্যাডেট কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই ২০ জেলার মধ্যে ফরিদপুরে একটি গার্লস ক্যাডেট কলেজ স্থাপনের প্রস্তাবনা উত্থাপিত হয়েছিল। পরে আর্থিক সংশ্লেষের কারণে তা স্থাপন করা সম্ভব হয়নি।

দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে ভূমিসেবা দেওয়া হচ্ছে : ভূমি অফিসগুলোর অব্যবস্থাপনা ও অনিয়ম-দূরীকরণের জন্য হয়রানি ও দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে ভূমি মন্ত্রণালয় ডিজিটালাইজেশন কার্যক্রমের মাধ্যমে ভূমিসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গতকাল জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।

সরকারি দলের সংসদ সদস্য হাবিবুর রহমানের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ভূমি অফিসগুলোর অব্যবস্থাপনা ও অনিয়ম-দূরীকরণের জন্য বিনা হয়রানি ও দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে ভূমি মন্ত্রণালয় ডিজিটালাইজেশন কার্যক্রমের মাধ্যমে ভূমিসেবা দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ভূমি-সংক্রান্ত সেবাগুলো ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নিয়ে ৮ বিভাগের ১৬টি জেলার ৩২টি উপজেলায় ও ৬৪ ইউনিয়ন ভূমি অফিস কাজ করছে।

মন্ত্রী জানান, বর্তমানে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, ই-পর্চা, কেস ম্যানেজমেন্ট সিস্টেম, অনলাইনে জলমহাল ইজারা, ডাকযোগে খতিয়ান, পর্চা ও ম্যাপ দ্রুত সময়ে দেওয়া হচ্ছে। তাই নাগরিক ঘরে বসে ১৬১২২ নম্বরে কল করে ৭ দিন ২৪ ঘণ্টা অনলাইনে তার কাক্সিক্ষত ভূমিসেবা পাচ্ছে। উপজেলা পর্যায়ে দুর্নীতি দমন কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিটি উপজেলায় জনসচেতনতার লক্ষ্যে সিটিজেন চার্টার স্থাপন করা হয়েছে। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে বিভাগীয় মামলার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়।