এবার গুয়ানতানামো বে-তে যুক্তরাষ্ট্রের সাবমেরিন

মিত্র কিউবার সঙ্গে মহড়ার জন্য রুশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ হাভানায় নোঙর করার একদিন পরই কিউবার গুয়ানতানামো বে-তে ভিড়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিউক্লিয়ার ফাস্ট অ্যাটাক সাবমেরিন (পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ) ইউএসএস হেলেনা। মার্কিন সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে বলেছে, দ্রুত হামলা চালাতে সক্ষম সাবমেরিন ইউএসএস হেলেনা নিয়মিত বন্দর পরিদর্শনের অংশ হিসেবেই কিউবার গুয়ানতানামো বে-তে অবস্থান করছে।

পেন্টাগনের ভাষ্যে, ফ্লোরিডা উপকূল থেকে ৯০ মাইল দূরে অবস্থিত রাশিয়ান নৌবহরের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি নয়। রাশিয়ান বহর যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে দক্ষিণে যাচ্ছিল তখন মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজের পাশাপাশি সাবমেরিন শিকারি পি-৮ বিমানগুলো তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেছে।