ছাত্রদলের ২৫৭ সদস্যের ‘আংশিক পূর্ণাঙ্গ’ কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২৫৭ সদস্য বিশিষ্ট ‘আংশিক পূর্ণাঙ্গ’ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের এই পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

এর আগে গত ২ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রদলের সদ্যঘোষিত ২৫৭ সদস্যের ‘আংশিক পূর্ণাঙ্গ’ কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া। জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে শ্যামল মালুমকে। ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আমানুল্লাহ আমান। দপ্তর সম্পাদক করা হয়েছে জাহাঙ্গীর আলমকে। কমিটিতে ৪০ জনকে সহ-সভাপতি, ১১০ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৫৪ জনকে সহ-সাধারণ সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ৩০ জনকে।

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কেন্দ্রীয় সংসদে পদমর্যাদা উল্লেখ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান (শাহীন), সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল দেওয়ান, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাইদ, সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সভাপতি ইব্রাহিম হোসেন বিপ্লবকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি পদমর্যাদা দেওয়া হয়েছে। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু), ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খান, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার হোসেন, সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন সোহাগকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা দেওয়া হয়েছে।

জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, আপাতত ২৫৭ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কিছু পদ এখনো ফাঁকা আছে। শিগগিরই এসব পদে পদায়ন করা হবে। এ কারণে একে আংশিক পূর্ণাঙ্গ কমিটি বলা হচ্ছে। কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় পদ, সহ-সম্পাদক ও সদস্যপদে আরও কিছু নেতাকর্মী স্থান পাবেন। দীর্ঘদিন প্রতিকূল আবহে রাজনৈতিক কর্মকা- চালাতে হচ্ছে। এর ফলে বাস্তব কারণেই এটি করতে হচ্ছে।