পশুবাহী গাড়িতে চাঁদাবাজি, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

কোরবানির পশুবাহী গাড়ি থামিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে দুই উপপরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৩ জুন এ ঘটনার পর গতকাল শনিবার তাদের বরখাস্ত করা হয়। অভিযুক্তরা হলেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানার এসআই শেখ নজরুল ইসলাম, এসআই মো. আসাদুজ্জামান, কনস্টেবল নাজির শেখ, কনস্টেবল যুগল মন্ডল এবং কনস্টেবল তানভীর হোসেন আকাশ। ঘুষকাণ্ডের ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। প্রতিবেদন পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশের কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।

পুলিশ সদর দপ্তর বলছে, পুলিশের কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোরবানির পশুর হাটে চাঁদাবাজি অথবা কাউকে হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।