বগুড়া

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুইজনকে চাপা দিল বাস

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। রোববার (২৩ জুন) সকালে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে বাসচাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রত্না বেগম ও সৈকত।

দুর্ঘটনায় নিহতরা হলেন গাবতলী উপজেলার উনচুরকি এলাকার জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম এবং কাহালু উপজেলার লোহাজাল মধ্যপাড়া এলাকার খোদা বক্সের ছেলে সৈকত আহমেদ টুনু। এদের মধ্যে রত্না বেগম ঈদে লোহাজাল এলাকায় বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। পেশায় কৃষক সৈকত বাজারে যাচ্ছিলেন দুধ বিক্রি করতে।

কাহালু থানার এসআই মোস্তাফিজ জানান, সকালে বিবির পুকুর বাজারে একটি চাতালের সামনে রত্না বেগম তার এক আত্মীয়কে অটোতে তুলে দেওয়ার জন্য এবং দুধ বিক্রির জন্য সৈকত দাঁড়িয়ে ছিলেন। এমন সময় বগুড়া থেকে নওগাঁগামী একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। এতে দুজনেই ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।