নেত্রকোণায় পানিতে ডুবে তিন শিশুসহ ৪ জনের মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৪:৫০ পিএম

নেত্রকোণায় পৃথক ঘটনায় এক গৃহবধূসহ তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। রবিবার (২৩ জুন) সকালে পূর্বধলা ও দুর্গাপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঁচমারকেন্ডা গ্রামের মো. আলীর ছেলে নোমান মিয়া (৮), সদর উপজেলার সাতপাই উল্লাবাড়ি এলাকার আল মামুনের ছেলে তাসকিন মিয়া (৭), গৌরীপুর উপজেলার কুল্লাতলী গ্রামের জহিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (৫) ও পূর্বধলার আগিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের নওয়াব আলীর মেয়ে গৃহবধূ সালমা আক্তার (২১)। 

স্থানীয়দের বরাতে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, শনিবার বিকেলে মা-বাবার সাথে পাঁচমারগেন্ডা গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে তাসকিন। পরে খালাত ভাই নোমানকে নিয়ে সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হয়। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। আজ সকাল সোয়া ১০টার দিকে বাড়ির পাশে কংস নদের শাখা দেইড়াগাঙয়ে তাদের ভাসমান মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। পরে তাসকিন ও নোমানের মরদেহ উদ্ধার করেন তারা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া সালমা আক্তার বাড়ির সামনে হাতমুখ ধোয়ার সময় পুকুরে পড়ে তলিয়ে যান। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে পৌনে ১১টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে। পরে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুরে দাদির বাড়িতে বেড়াতে এসে সমবয়সী শিশুদের সাথে নদীতে গোসল করতে বের হয় জাহাঙ্গীর। দুর্গাপুর পৌর শহরের তেরী বাজার এলাকার সোমেশ্বরী নদীতে গোসল করার সময় পানির নিচে তলিয়ে যায় সে। এ সময় সাথে থাকা অন্য দুই শিশু বাড়ি ফিরে জাহাঙ্গীরের নদীতে ডুবে যাওয়ার বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে নদী থেকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত